হামের উপসর্গ নিয়ে আরও ২ শিশুর মৃত্যু
অনলাইন ডেস্ক

গ্রাফিকস: আগামীর সময়
হামের উপসর্গ নিয়ে সারা দেশে গত ২৪ ঘণ্টায় আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত হাম ও হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে ১ হাজার ১৯টি শিশু।
আজ বিকালে স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশে হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। তবে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে কোনো শিশুর মৃত্যু হয়নি।
এ ছাড়া, ২৪ ঘণ্টায় ১২৩ শিশু হামে আক্রান্ত হয়েছে। আর হামের উপসর্গজনিত রোগীর সংখ্যা ৮৯৬। এই সময়ে ৮৬৫ শিশু নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে। হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে ৯৯৮ শিশু।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, ১৫ মার্চ থেকে আজ পর্যন্ত মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ১ লাখ ৩১ হাজার ৯৪৬। আর নিশ্চিত হাম রোগীর সংখ্যা ১৬ হাজার ৫৩১। এরই মধ্যে হাসপাতালে ভর্তি হয়েছে মোট ১ লাখ ১৪ হাজার ৩৯৩ রোগী। যাদের মধ্যে ১ লাখ ১০ হাজার ১৮৭ জন ছাড়পত্র পেয়ে এরই মধ্যে বাড়ি ফিরেছে।







