তিন দিবসে ইনসাফ বারাকাহ হাসপাতালে ফ্রি মেডিকেল ক্যাম্প

চিকিৎসা শিবিরে প্রায় ৩০০ মানুষ সেবা নেন
বিশ্ব ডায়াবেটিস, বক্ষব্যাধি ও শিশু দিবস উপলক্ষে রাজধানীতে দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসাসেবা দিয়েছে ইনসাফ বারাকাহ কিডনি অ্যান্ড জেনারেল হাসপাতাল। শনিবার হাসপাতালটির আয়োজনে অনুষ্ঠিত এ চিকিৎসা শিবিরে প্রায় ৩০০ মানুষ সেবা নেন।
সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত চলা এ শিবিরে বিভিন্ন রোগের বিশেষজ্ঞ চিকিৎসকরা রোগীদের পরামর্শ দেন। পাশাপাশি ডায়াবেটিস ও রক্তচাপ পরীক্ষা করা হয়। প্যাথলজিক্যাল পরীক্ষায় ৫০ শতাংশ এবং অন্যান্য পরীক্ষায় ৪০ শতাংশ ছাড় দেওয়া হয়। এ ছাড়া এক হাজার টাকায় স্বাস্থ্য পরীক্ষার বিশেষ প্যাকেজও রাখা হয়।
চিকিৎসা শিবিরের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ও মূত্ররোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডা. এম ফখরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন বারাকাহ ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান অধ্যাপক ডা. এম রুহুল আমিন এবং হাসপাতালের নির্বাহী চেয়ারম্যান অধ্যাপক ডা. সৈয়দ আফজালুল করিম।
শিবিরে ডায়াবেটিস ও হরমোন বিশেষজ্ঞ সহযোগী অধ্যাপক ডা. শায়দাহ উল্লাহ, ডা. তাহমিনা ফেরদৌসী, শিশু বিশেষজ্ঞ অধ্যাপক ডা. মো. গোলাম হাফিজ, সহযোগী অধ্যাপক ডা. মো. মিজানুর রহমান এবং মেডিসিন ও বক্ষব্যাধি বিশেষজ্ঞ সহযোগী অধ্যাপক ডা. মনির হোসেন সোহেলসহ হাসপাতালের বিভিন্ন বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসকরা সেবা দেন।
অধ্যাপক ডা. এম ফখরুল ইসলাম বলেন, নভেম্বর মাসের তিনটি গুরুত্বপূর্ণ দিবস সামনে রেখে এ বিশেষ চিকিৎসা শিবিরের আয়োজন করা হয়েছে।
ডায়াবেটিসকে নীরব ঘাতক উল্লেখ করে তিনি বলেন, সময়মতো নিয়ন্ত্রণ না করলে এ রোগ শরীরের বিভিন্ন অঙ্গে মারাত্মক ক্ষতি করতে পারে। অন্যদিকে, বক্ষব্যাধি ও শ্বাসতন্ত্রের রোগ প্রতিরোধে সচেতনতা এবং বিশুদ্ধ পরিবেশ জরুরি। শিশুদের সঠিক যত্ন, পুষ্টি ও সুস্থ পরিবেশ নিশ্চিত করাও প্রয়োজন।
মানুষের মধ্যে স্বাস্থ্যসচেতনতা বাড়ানো এবং সাধারণ মানুষের কাছে বিনামূল্যে চিকিৎসাসেবা পৌঁছে দেওয়াই এ আয়োজনের মূল লক্ষ্য বলে জানান তিনি।




