কুয়েতের ক্রাউন প্রিন্সের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

কুয়েতের ক্রাউন প্রিন্স শেখ সাবাহ খালেদ আল-হামাদ আল-সাবাহের সঙ্গে বৈঠক করেছেন তারেক রহমান। ছবি: পিএমও
জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে অংশ নেওয়ার ফাঁকে কুয়েতের ক্রাউন প্রিন্স শেখ সাবাহ খালেদ আল-হামাদ আল-সাবাহ এবং ইন্টারন্যাশনাল পিস ইনস্টিটিউটের (আইপিআই) প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী কর্মকর্তা জায়েদ রা’য়াদ আল হুসেইনের সঙ্গে পৃথক বৈঠক করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। শুক্রবার নিউইয়র্কে অনুষ্ঠিত বৈঠক দুটিতে দ্বিপক্ষীয় সম্পর্ক, অর্থনৈতিক সহযোগিতা, আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা এবং সমসাময়িক বৈশ্বিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।
শুক্রবার নিউইয়র্কে কুয়েতের স্থায়ী মিশনে কুয়েতের ক্রাউন প্রিন্সের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন প্রধানমন্ত্রী। পরে হায়াত গ্র্যান্ড সেন্ট্রাল নিউইয়র্কে আইপিআইয়ের প্রেসিডেন্টের সঙ্গে মধ্যাহ্নভোজ বৈঠকে অংশ নেন তিনি।
কুয়েতের ক্রাউন প্রিন্সের সঙ্গে বৈঠকে বাংলাদেশ ও কুয়েতের ঐতিহাসিক ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদারের উপায় নিয়ে আলোচনা করেন দুই নেতা। প্রধানমন্ত্রী তারেক রহমান দুই দেশের দীর্ঘদিনের সম্পর্কের কথা তুলে ধরে বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ঐতিহাসিক অবদানের কথাও স্মরণ করেন।
প্রধানমন্ত্রী বলেন, তাদের সময় থেকে বাংলাদেশ ও কুয়েতের মধ্যে পারস্পরিক শ্রদ্ধা, সৌহার্দ্য ও সহযোগিতার যে ভিত্তি গড়ে উঠেছে, তা সময়ের সঙ্গে আরও বিস্তৃত হয়েছে। বর্তমান প্রেক্ষাপটে দুই দেশের জনগণের পারস্পরিক কল্যাণে এই ঐতিহাসিক সম্পর্ককে আরও গভীর ও বহুমাত্রিক করার ওপর গুরুত্ব দেন তিনি।
বৈঠকে বাংলাদেশ থেকে কুয়েতে শ্রমশক্তি রপ্তানি বৃদ্ধি, বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ এবং অর্থনৈতিক সহযোগিতা জোরদারসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন দুই নেতা। পাশাপাশি আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন বিষয় নিয়েও আলোচনা হয়। পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে নিয়মিত যোগাযোগ, সহযোগিতা ও সমন্বয় অব্যাহত রাখার ওপর গুরুত্ব দেন তারা।
প্রধানমন্ত্রী দুই দেশের রাজনৈতিক নেতৃত্বের মধ্যে উচ্চপর্যায়ের যোগাযোগ বাড়ানোর পাশাপাশি অর্থনীতি, বাণিজ্য, বিনিয়োগ, জনশক্তি ও অন্যান্য সম্ভাবনাময় ক্ষেত্রে সহযোগিতা আরও সম্প্রসারণের ওপর জোর দেন। বৈঠকে বাংলাদেশ ও কুয়েতের জনগণের পারস্পরিক কল্যাণে বিদ্যমান সহযোগিতা আরও জোরদার করার প্রত্যয় ব্যক্ত করেন দুই নেতা।
এর আগে নিউইয়র্কের হায়াত গ্র্যান্ড সেন্ট্রালে আইপিআইয়ের প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী কর্মকর্তা জায়েদ রা’য়াদ আল হুসেইনের সঙ্গে মধ্যাহ্নভোজ বৈঠক করেন প্রধানমন্ত্রী। ইউএনজিএর ৮১তম অধিবেশনে অংশগ্রহণের কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত এ বৈঠকে আন্তর্জাতিক শান্তি, নিরাপত্তা, বহুপক্ষীয় সহযোগিতা এবং সমসাময়িক বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় পারস্পরিক সহযোগিতার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।
বৈঠকে বাংলাদেশ ও আন্তর্জাতিক সম্প্রদায়ের মধ্যে শান্তি, সংলাপ ও সহযোগিতা আরও জোরদারের গুরুত্ব তুলে ধরা হয়। পাশাপাশি জাতিসংঘকেন্দ্রিক বহুপক্ষীয় ব্যবস্থাকে আরও কার্যকর ও অন্তর্ভুক্তিমূলক করার বিষয়েও মতবিনিময় করেন তারা।
প্রধানমন্ত্রী তারেক রহমান বর্তমানে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে অংশ নিতে নিউইয়র্কে অবস্থান করছেন। অধিবেশনের বিভিন্ন কর্মসূচির পাশাপাশি বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধান এবং আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিদের সঙ্গে দ্বিপক্ষীয় ও পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে বৈঠক করছেন তিনি।





