বরিশাল নগরীতে বালু সরবরাহের পাইপ অপসারণের নির্দেশ

বরিশাল নগরীর কাউনিয়ার জানকি সিংহ রোডের ছোট্ট অলি গলির মধ্য থেকে নেওয়া হয়েছে বালুর ড্রেজার পাইপ। ছবি: আগামীর সময়
বরিশাল নগরীতে বালু সরবরাহের সব পাইপলাইন অপসারণের নির্দেশ দিয়েছে বরিশাল সিটি করপোরেশন (বিসিসি)। দৈনিক আগামীর সময়ে সংবাদ প্রকাশের পর এই নির্দেশ দেওয়া হয়। একই সঙ্গে নগরীর ১৮টি বালু অবতরণ কেন্দ্রের কার্যাদেশ বাতিল করা হয়েছে।
আজ শুক্রবার বরিশাল সিটি করপোরেশনের দায়িত্বপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা রুম্পা সিকদারের সই করা এক চিঠিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।
চিঠিতে বলা হয়েছে, ২০২৫ সালের ১৭ ফেব্রুয়ারি বরিশাল সিটি করপোরেশন এলাকায় ১৮টি বালু অবতরণ কেন্দ্রকে এক বছর মেয়াদে কার্যাদেশ দেওয়া হয়েছিল। এসব কেন্দ্র থেকে পাইপলাইনের মাধ্যমে নগরীর বিভিন্ন স্থানে বালু সরবরাহ করা হতো। এতে অনেক জলাশয় অবৈধভাবে ভরাটের পাশাপাশি পরিবেশ ও কৃষিজমির ক্ষতি হয়েছে।
এ ছাড়া সড়কের ভেতর দিয়ে বোরিং করে পাইপ নেওয়ায় রাস্তার ক্ষতি হয়েছে। কোথাও কোথাও সড়কের ওপর দিয়ে পাইপ নেওয়ায় দুর্ঘটনাও ঘটেছে বলে চিঠিতে উল্লেখ করা হয়।
চিঠিতে আরও বলা হয়েছে, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং পরিবেশবিদ ও সাধারণ মানুষের আবেদনের পরিপ্রেক্ষিতে বালু অবতরণ কেন্দ্রগুলোর কার্যাদেশ বাতিল ও চুক্তির মেয়াদ না বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সঙ্গে কার্যাদেশপ্রাপ্তদের বরিশাল সিটি করপোরেশন এলাকা থেকে বালু সরবরাহের সব পাইপলাইন অপসারণের নির্দেশ দেওয়া হয়েছে।
বরিশাল সিটি করপোরেশনের প্রেস সচিব সাকলাইন মোস্তাক জানিয়েছেন, পাইপের মাধ্যমে নগরীর বিভিন্ন এলাকায় জলাশয় ভরাটের একাধিক অভিযোগ পাওয়া গেছে। এসব অভিযোগের পরিপ্রেক্ষিতে পরিবেশ রক্ষায় প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিণ পাইপলাইন অপসারণের নির্দেশ দিয়েছেন।




