পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি মোসলেহ উদ্দিন, সম্পাদক শামীমা

মোসলেহ উদ্দিন আহমদ ও শামীমা পারভীন।
বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি পদে নির্বাচিত হয়েছেন সিআইডির অতিরিক্ত আইজি মোসলেহ উদ্দিন আহমদ। আর সাধারণ সম্পাদক হয়েছেন ঢাকা জেলার পুলিশ সুপার শামীমা পারভীন।
পুলিশ সপ্তাহ ২০২৬-এর চতুর্থ ও শেষ দিনে আজ বুধবার বিকেলে রাজারবাগ পুলিশ লাইনসে বাংলাদেশ পুলিশ অডিটরিয়ামে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় আগামী এক বছরের জন্য নির্বাচিত হয়েছেন তারা।
নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক আগামী ১৫ দিনের মধ্যে অ্যাসোসিয়েশনের পূর্ণাঙ্গ কমিটি গঠন করে ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) ও অ্যাসোসিয়েশনের প্রধান পৃষ্ঠপোষক মো. আলী হোসেন ফকিরের কাছে উপস্থাপন করবে।
এতে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে নির্বাচন পরিচালনা করেন অতিরিক্ত আইজি (প্রশাসন) এ কে এম আওলাদ হোসেন। এ সময় উপস্থিত ছিলেন অ্যাসোসিয়েশনের সদস্যরা।




