মঞ্চে রবীন্দ্রনাথের ‘বৃক্ষবন্দনা’

ঢাকায় ভারতীয় হাইকমিশনে রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা অবলম্বনে নৃত্যনাট্যের আয়োজন। ছবি: সংগৃহীত
রবীন্দ্রনাথ ঠাকুরের ‘বৃক্ষবন্দনা’ কবিতা অবলম্বনে ‘ধরা তরু কাব্য: নেচারস টেল’ শিরোনামে নৃত্যনাট্য পরিবেশন করেছে ঢাকায় ভারতীয় হাইকমিশনের ইন্দিরা গান্ধী সাংস্কৃতিক কেন্দ্র (আইজিসিসি)। শুক্রবার রাজধানীর ছায়ানট মিলনায়তনে পরিবেশিত হয় এ বিশেষ নৃত্যনাট্য।
অনুষ্ঠানে বাংলাদেশের সংস্কৃতির বিস্তৃত ঐতিহ্যের কথা তুলে ধরে সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী বলেন, ‘বাংলাদেশ সরকার বিভিন্নভাবে দেশের সংস্কৃতির বিকাশ ও প্রসারে কাজ করছে।’
ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী বলেন, ‘অভিন্ন ঐতিহ্য, সাহিত্য ও প্রকৃতিপ্রেমের মধ্য দিয়ে ভারত ও বাংলাদেশের মধ্যে গভীর সাংস্কৃতিক সম্পর্ক গড়ে উঠেছে।’ প্রকৃতির প্রতি শ্রদ্ধা ও তা সংরক্ষণের দায়িত্বের কথাও এ পরিবেশনা স্মরণ করিয়ে দেয় বলে উল্লেখ করেন তিনি।
‘ধরা তরু কাব্য’তে নৃত্য, সংগীত ও নাট্যভাষার সমন্বয়ে রবীন্দ্রনাথের প্রকৃতিপ্রেম এবং মানুষ ও প্রকৃতির সম্প্রীতির ভাবনা তুলে ধরা হয়। এতে বাংলার ছয় ঋতুর বৈচিত্র্যও ফুটিয়ে তোলা হয়। বসন্তের ফুল, গ্রীষ্মের উষ্ণতা, বর্ষার বৃষ্টি, শরতের প্রাচুর্য থেকে শীতের স্থিরতা পর্যন্ত প্রকৃতির নানা রূপ উঠে আসে পরিবেশনায়। প্রকৃতির সৌন্দর্য, স্থিতিস্থাপকতা ও প্রাণশক্তির পাশাপাশি মানবজীবনের সঙ্গে প্রকৃতির গভীর সম্পর্কও এতে প্রকাশ পায়।
নৃত্যনাট্যটি পরিবেশন করে তুরঙ্গমী রিপার্টরি ড্যান্স থিয়েটার। এর পরিচালক ছিলেন পূজা সেনগুপ্ত। ভরতনাট্যমে প্রশিক্ষিত পূজা সেনগুপ্ত নৃত্যশিক্ষায় তার স্বতন্ত্র শিল্পভাষা, উদ্ভাবনী চিন্তা ও গবেষণার জন্য পরিচিত।




