নবান্ন, পহেলা বৈশাখ ও ঋতু উৎসব বাঙালির শিকড় : ফওজিয়া মোসলেম

রাজধানীর ধানমন্ডির রবীন্দ্র সরোবরে আয়োজিত ‘২৮তম জাতীয় নবান্ন উৎসব ১৪৩৩’-এর অনুষ্ঠানে অতিথিরা। ছবি : আগামীর সময়
নবান্ন, পহেলা বৈশাখ কিংবা ঋতু উৎসব–এসব লোকজ আয়োজন বাঙালি জাতির শিকড়ের সঙ্গে জড়িয়ে আছে। এসব উৎসবে ধর্ম-বর্ণের কোনো ভেদাভেদ থাকে না। বরং সবাই মিলেমিশে আনন্দ ভাগাভাগি করেন। সাম্প্রদায়িকতার বিষবাষ্প থেকে দূরে থেকে দেশ ও সমাজ গড়তে লোকজ সংস্কৃতির চর্চা আরও বাড়াতে হবে। এমন মন্তব্য করেছেন বাংলাদেশ মহিলা পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি ফওজিয়া মোসলেম।
আজ সোমবার রাজধানীর ধানমন্ডির রবীন্দ্র সরোবরে আয়োজিত ‘২৮তম জাতীয় নবান্ন উৎসব ১৪৩৩’-এর অনুষ্ঠানে তিনি এসব কথা বলেছেন।
হেমন্তের সকালে বাঁশির সুর, গান, আবৃত্তি ও নৃত্যের মধ্য দিয়ে শুরু হয় দিনব্যাপী এ উৎসব। জাতীয় নবান্নোৎসব উদযাপন পর্ষদের আয়োজনে হাসান আলীর বাঁশির সুরের মূর্ছনায় উৎসবের আনুষ্ঠানিকতা শুরু হয়। সকালের পর্ব চলে সকাল সাড়ে ৯টা পর্যন্ত।
অনুষ্ঠানে ফওজিয়া মোসলেম বলেন, ছোটবেলায় আমন ধানের নতুন আতপ চালের জাউ আর গুড়ের যে সুবাস পেতেন, এখন নাতি-নাতনিদের সেই স্বাদ ও ঘ্রাণ দেওয়ার সুযোগ হচ্ছে না। তবে জাতীয় নবান্নোৎসব উদযাপন পর্ষদ এই ঐতিহ্যকে জাতির সামনে তুলে ধরছে। এ জন্য আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা জানান তিনি।
নবান্ন কথন অনুষ্ঠিত হয় জাতীয় নবান্নোৎসব উদযাপন পর্ষদের মাহমুদ সেলিমের সভাপতিত্বে। সঞ্চালনা করেন সঙ্গীতা ইমাম। এতে বক্তব্য দেন পর্ষদের সাধারণ সম্পাদক নাঈম হাসান সুজা।
নাঈম হাসান সুজা বলেন, ১৪০৬ বঙ্গাব্দে জাতীয় নবান্ন উৎসব উদযাপন পর্ষদ এই উৎসবের যাত্রা শুরু করে। অনেক চড়াই-উতরাই পেরিয়ে এবার রবীন্দ্র সরোবর মঞ্চে ২৮তম নবান্ন উৎসব অনুষ্ঠিত হচ্ছে। শুরু থেকেই তাদের লক্ষ্য ছিল অসাম্প্রদায়িক এই উৎসব সবার মধ্যে ছড়িয়ে দেওয়া।
তবে উৎসব আয়োজনের স্থান পাওয়া নিয়ে আক্ষেপও প্রকাশ করেন তিনি। তার ভাষ্য, গর্বের পাশাপাশি তাদের কিছু দুঃখও রয়েছে। ইদানীং উৎসবের জন্য স্থান বরাদ্দ পেতে অনেক বেগ পেতে হচ্ছে। সাধারণত চারুকলায় এ উৎসব আয়োজন করা হয়। এবারও তিন-চার মাস আগে আবেদন করে বরাদ্দ পাওয়া গিয়েছিল। কিন্তু ১ নভেম্বর জানানো হয়, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সেখানে উৎসব করবেন। এ কারণে তাঁদের বরাদ্দ বাতিল করা হয়েছে।
এ সময় সংস্কৃতিকর্মীদের রাজনীতির ঊর্ধ্বে রাখার আহ্বান জানান নাঈম হাসান সুজা।
সকালের সাংস্কৃতিক পর্বে শিশু সংগঠন মেঠোকুঁড়ি স্কুলের পরিবেশনায় ছিল সম্মেলক পরিবেশনা। এরপর দলীয় সংগীত পরিবেশন করে সত্যেন সেন শিল্পীগোষ্ঠী, সুর বিহার, ফোক বাংলা ইনস্টিটিউট ও নির্ঝরিণী একাডেমি।
একক সংগীত পরিবেশন করেন মহাদেব ঘোষ, ইয়াসমিন মুস্তারী, বিমান চন্দ্র বিশ্বাস, অনিমা রায় ও নবনীতা জাইদ চৌধুরী। তাদের পরিবেশনায় উৎসবমুখর হয়ে ওঠে রবীন্দ্র সরোবর।
নৃত্য পরিবেশন করে দীপা খন্দকারের পরিচালনায় ‘দিব্য’, তামান্না রহমানের পরিচালনায় ‘নৃত্যম নৃত্যশীলন কেন্দ্র’, এম আর ওয়াসেকের ‘নন্দন কলা কেন্দ্র’, অনিক বোসের ‘স্পন্দন’, শুভাশীষ চাকমার পরিচালনায় আদিবাসী সংগঠন ‘নৃত্যকানন’ এবং সামিনা হোসেন প্রেমার পরিচালনায় ‘ভাবনা’।
এ ছাড়া একক আবৃত্তি পরিবেশন করেন রফিকুল ইসলাম ও নায়লা তারান্নুম কাকলি।
আয়োজকরা জানিয়েছেন, দিনব্যাপী উৎসবের দ্বিতীয় পর্ব শুরু হবে বিকেল ৪টায়। চলবে রাত সাড়ে ৮টা পর্যন্ত। এ পর্বে শিশু সংগঠনের পরিবেশনার পাশাপাশি একক ও দলীয় সংগীত, আবৃত্তি এবং নৃত্যের আয়োজন রয়েছে।
বিকেলের আয়োজনে মৈত্রী শিশু দল, নন্দন কুঁড়ি, সীমান্ত খেলাঘরসহ বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন অংশ নেবে। এ ছাড়া এস এম মেসবাহ, অবিনাশ বাউল ও তামান্না নিগার তুলিসহ একঝাঁক শিল্পী সংগীত ও সাংস্কৃতিক পরিবেশনায় অংশ নেবেন।




