সাবেক প্রতিমন্ত্রী ফরহাদের স্ত্রী তিন দিনের রিমান্ডে

গ্রাফিকস: আগামীর সময়
সাবেক জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেনের স্ত্রী সৈয়দ মোনালিসা ইসলামকে তিন দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত। তিনি যুব মহিলা লীগের কেন্দ্রীয় সহসভাপতি। জুলাই আন্দোলনের সময় রাজধানীর নিউ মার্কেট এলাকায় ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ হত্যা মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে এই রিমান্ড মঞ্জুর করা হয়।
গতকাল বৃহস্পতিবার শুনানি শেষে এ আদেশ দেন ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আওলাদ হোসাইন মো. জোনাইদ।
এদিন কারাগার থেকে আদালতে হাজির করা হয় মোনালিসা ইসলামকে। আসামিপক্ষের আইনজীবী তরিকুল ইসলাম তার রিমান্ড বাতিল করে আবেদন করেন জামিনের। অন্যদিকে রিমান্ডের পক্ষে যুক্তি তুলে ধরে রাষ্ট্রপক্ষ। উভয়পক্ষের শুনানি শেষে আসামির তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।
এর আগে ২০২৫ সালের ১৬ ফেব্রুয়ারি গভীর রাতে ঢাকার ইস্কাটন রোডের একটি বাড়ি থেকে গ্রেপ্তার করা হয় মোনালিসা ইসলামকে। এরপর থেকে কারাগারে রয়েছেন তিনি। পরে ৯টি মামলায় জামিন পেয়ে কারামুক্তির অপেক্ষায় ছিলেন তিনি।
এ অবস্থায় গত ৭ আগস্ট নিউ মার্কেট থানার এ মামলায় আবেদন করা হয় তাকে গ্রেপ্তার দেখানোর। পরে ১২ আগস্ট কারাগার থেকে তাকে ভার্চুয়ালি গ্রেপ্তার দেখানো হয়। ১৩ আগস্ট তার রিমান্ড চেয়ে আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা ও ডিবির রমনা জোনাল টিমের পরিদর্শক আমজাদ হোসেন তালুকদার। ওইদিন আসামির উপস্থিতিতে শুনানির জন্য ২০ আগস্ট দিন ধার্য করেন আদালত।
মামলার বিবরণে বলা হয়, ২০২৪ সালের ১৯ জুলাই বিকালে নিউ মার্কেট থানার নীলক্ষেত এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গুলিতে নিহত হন ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ। এ ঘটনায় নিহতের শ্যালক আব্দুর রব বাদী হয়ে ওই বছরের ২১ আগস্ট হত্যা মামলা করেন নিউ মার্কেট থানায়।
মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরসহ আসামি করা হয় ১৩০ জনকে।






