কানাডায় অর্থপাচারের অভিযোগ, সাবেক ডিজি আরশাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা
আগামীর সময় প্রতিবেদক

নভোথিয়েটার
দুর্নীতির অভিযোগে নভোথিয়েটারের অবসরপ্রাপ্ত মহাপরিচালক (ডিজি) আরশাদ উল্লাহ এবং তার স্ত্রী রেবেকা আক্তারের দেশত্যাগে নিষেধাজ্ঞার আদেশ দিয়েছেন আদালত।
আজ বৃহস্পতিবার ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ আদালতের বিচারক মো. শাহজাহান কবির দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন।
এদিন দুদকের সহকারী পরিচালক আব্দুল মালেক তাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন। ওই আবেদনে তিনি উল্লেখ করেন, আরশাদ উল্লাহর বিরুদ্ধে জ্ঞাত-আয়বহির্ভূত সম্পদ অর্জন ও কানাডায় অর্থ পাচারের অভিযোগ রয়েছে।
এতে আরও বলা হয়েছে, অভিযোগের অনুসন্ধানে দুই সদস্যের একটি অনুসন্ধান টিম গঠন করা হয়। বিশ্বস্ত সূত্রে জানা যায়, আরশাদ উল্লাহ ও তার স্ত্রী রেবেকা আক্তার দেশত্যাগ করতে পারেন—এমন আশঙ্কা রয়েছে। সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে তাদের বিদেশ গমনে নিষেধাজ্ঞা আবশ্যক।








