একযুগ পর স্ত্রী হত্যার মামলা থেকে খালাস পেলেন স্বামী

রায় ঘোষণার পর আদালত থেকে বরে করা হয় আব্দুর রহিমকে
রাজধানীর মোহাম্মদপুরে স্ত্রীকে হত্যার অভিযোগে করা মামলায় নির্দোষ প্রমাণিত হওয়ায় স্বামী মো. আব্দুর রহিমকে খালাস দিয়েছেন আদালত।
আজ মঙ্গলবার ঢাকার পঞ্চম অতিরিক্ত মহানগর দায়রা জজ এলিনা আক্তার আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন। পরে এ তথ্য জানান আসামিপক্ষের আইনজীবী ওমর ফারুক।
এদিন কারাগার থেকে আসামিকে আদালতে হাজির করে তার উপস্থিতিতেই রায় ঘোষণা করেন বিচারক। পরে পুলিশ প্রহরায় আদালত থেকে বের করা হয় তাকে।
মামলার বিবরণে বলা হয়েছে, ২০১৪ সালের ২৯ নভেম্বর রাত ৯ টায় রাজধানীর মোহাম্মদপুর থানার মো. আব্দুর রহিম বাসায় আসেন৷ এসময় তিনি ভাত খেয়ে স্ত্রী ফেরদৌসী আক্তার মেরীর সঙ্গে ঝগড়া করেন। ঝগড়ার একপর্যায়ে ফেরদৌসী তার স্বামী আব্দুর রহিমকে ধমক দেন। তখন আব্দুর রহিম রেগে গিয়ে ফেরদৌসীকে গলা টিপে ধরেন। পরে লাথি মেরে ফেলে দেন। পরদিন ৩০ নভেম্বর সকালে মৃত অবস্থায় খাটের ওপর তার মরদেহ পাওয়া যায়।
এ ঘটনায় নিহতের মা হাসিনা বেগম বাদী হয়ে হত্যা মামলা করেন। ২০২৬ সালের ৫ এপ্রিল আদালতে তদন্ত প্রতিবেদন জমা দেন সিআইডির পুলিশের পরিদর্শক আব্দুর রাজ্জাক খান। ২০১৭ সালের ৫ অক্টোবর এই মামলায় অভিযোগ গঠনের মাধ্যমে বিচার শুরু হয়। বিচার চলাকালে ১৩ জনের সাক্ষ্য গ্রহণ করেন আদালত।





