সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেপ্তার

ফাইল ছবি
শাপলা চত্বরে হত্যাকাণ্ডের মামলায় সাবেক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকীকে গ্রেপ্তার করা হয়েছে। আজ বুধবার রাজধানীর গুলশানের বাসা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। এ তথ্য নিশ্চিত করেছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম।
তিনি জানান, লতিফ সিদ্দিকীর বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে।
এদিকে আজ দুপুরে লতিফ সিদ্দিকী বলেছিলেন, আমাকে আজকে সকালবেলা জানানো হলো— আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে একটা মামলা হয়েছে। শাপলা চত্বরে হেফাজতের সমাবেশের ওই মামলা। সেই মামলায় আমার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। আজকে যদি আদালতে না আসি, তাহলে মনে করা হবে আমি বোধহয় আত্মগোপনে চলে গেছি। সাধারণত আত্মগোপন করি না। সবসময় আত্মপ্রকাশ করতে চায়। সেজন্য আজকে এসেছি।
ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানার আদালতে হাজিরা শেষে সাংবাদিকদের এ কথা বলেছিলেন লতিফ সিদ্দিকী।
শাপলা চত্বরে হেফাজতের সমাবেশ ঘিরে হত্যাযজ্ঞের মামলায় মানবতাবিরোধী অপরাধের মামলায় আত্মসমর্পণ করার কথাও জানিয়েছিলেন সাবেক এই মন্ত্রী।
গত বছরের ২৮ আগস্ট ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে মঞ্চ-৭১ নামের সংগঠনের একটি অনুষ্ঠান থেকে লতিফ সিদ্দিকীসহ ১৬ জনকে আটক করা হয়। এ ঘটনায় শাহবাগ থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা হয়। গত বছরের ৬ নভেম্বর হাইকোর্ট থেকে লতিফ সিদ্দিকী জামিন পান। পরে তিনি কারামুক্ত হন।





