৭ কারণে সাঈদ খোকনের ১০ দিনের রিমান্ড আবেদন

সাঈদ খোকন
ধানমন্ডি থানায় দায়ের করা কিশোর মোতালেব হত্যা মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র সাঈদ খোকনকে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করা হয়েছে। আজ মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে এ বিষয়ে শুনানি হবে। ডিএমপির প্রসিকিউশন বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) মহিউদ্দিন মাহমুদ সোহেল এ তথ্য জানান।
মামলার বিবরণে বলা হয়েছে, ২০২৪ সালের ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে জিগাতলা বাসস্ট্যান্ড এলাকায় মিছিলে থাকা আবদুল মোতালেব নামের এক কিশোর গুলিবিদ্ধ হয়ে মারা যায়। আওয়ামী লীগ সরকার পতনের পর ২০২৪ সালের ২৬ আগস্ট তার বাবা আব্দুল মতিন বাদী হয়ে ধানমন্ডি থানায় হত্যা মামলা করেন।
মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরসহ ১৭৬ জনকে আসামি করা হয়। এ মামলার ২৯ নম্বর আসামি হলেন সাঈদ খোকন।
এর আগে মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের পরিদর্শক সুজন হক সাত কারণে তার ১০ দিনের রিমান্ডে নিতে আবেদন করেন।
এতে বলা হয়েছে, মামলার সুষ্ঠু তদন্ত ও ন্যায় বিচারের স্বার্থে, তাদের পরবর্তী পরিকল্পনাসংক্রান্তে তথ্য সংগ্রহের জন্য; পলাতক আসামিদের বর্তমান অবস্থানসংক্রান্তে তথ্য সংগ্রহপূর্বক গ্রেপ্তারের জন্য; অজ্ঞাতনামা আসামিদের শনাক্তের জন্য; তার আশ্রয় দাতাসংক্রান্তে তথ্য সংগ্রহ; তাদের বর্তমান আস্তানা কোথায়, কোথায় তারা বর্তমানে সভা-আলোচনা করে সেই বিষয়ে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন।




