সাবেক এমপি হানিফ ও তার স্ত্রীর আয়কর নথি জব্দের আদেশ

মাহবুব উল আলম হানিফ
আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও কুষ্টিয়া-৩ আসনের সাবেক সংসদ সদস্য মাহবুব উল আলম হানিফ ও তার স্ত্রী ফৌজিয়া আলমের আয়কর নথি জব্দের আদেশ দিয়েছেন আদালত। আজ সোমবার ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ মো. সাব্বির ফয়েজ দুদকের পৃথক দুটি আবেদনের পরিপ্রেক্ষিতে দেন এ আদেশ। সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন জানিয়েছেন এ তথ্য।
এদিন তাদের আয়কর নথি জব্দের আবেদন করেন দুদকের উপপরিচালক মোহাম্মদ তাজুল ইসলাম ভূঁইয়া। ওই আবেদনে তিনি উল্লেখ করেন, মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে আসামি হানিফ ও ফৌজিয়া আলমের নামের আয়কর নথিগুলো জব্দ করা প্রয়োজন। শুনানি করেন দুদকের প্রসিকিউটর মোহাম্মদ তরিকুল। শুনানি শেষে আবেদন দুটি মঞ্জুর করেন আদালত।
এর আগে গত বছরের ১৪ জুলাই ৩২ কোটি টাকার অবৈধ সম্পদ ও প্রায় ১১০ কোটি টাকার সন্দেহভাজন লেনদেনের অভিযোগে হানিফ ও তার স্ত্রীর বিরুদ্ধে আলাদা দুটি মামলা করে দুদক।
মামলার বিবরণে বলা হয়েছে, সাবেক এমপি মাহবুবুল আলম হানিফ পাবলিক সার্ভেন্ট হিসেবে দায়িত্ব পালনকালে ক্ষমতার অপব্যবহার করে অসৎ উদ্দেশে জ্ঞাত আয়ের উৎসবিহীন ২৭ কোটি ৩৯ লাখ ২৯ হাজার টাকার সম্পদের মালিক হন এবং তা ভোগদখলে রাখেন। এছাড়া, তার নামে ১৮টি বিভিন্ন ব্যাংক হিসাবে মোট ৮৬ কোটি ৬৬ লাখ ৯৪ হাজার ৯৭২ টাকার সন্দেহজনক লেনদেন পাওয়া গেছে।
অন্যদিকে তার স্ত্রী ফৌজিয়া আলমের বিরুদ্ধেও জ্ঞাতআয় বহির্ভূত ৪ কোটি ৬৯ লাখ ৬৮ হাজার ৪৯০ টাকার সম্পদ অর্জনের প্রমাণ পাওয়া গেছে। এছাড়া তার ১৬টি ব্যাংক হিসাবে ৩৩ কোটি ১৩ লাখ ৫০ হাজার ৬০৯ টাকার সন্দেহভাজন লেনদেনের প্রমাণ মিলেছে।






