নিউ গিনি প্রপার্টিজে ভাঙচুরের মামলায় মহিউদ্দিনের জামিন

গোলাম মহিউদ্দিন চৌধুরী
রাজধানীর ইসিবি চত্বরে ‘নিউ গিনি প্রপার্টিজ লিমিটেড’-এর প্রকল্প ভাঙচুর, লুটপাট, চুরির মামলায় সাবেক সেনা কর্মকর্তা গোলাম মহিউদ্দিন চৌধুরীর জামিন মঞ্জুর করেছেন আদালত।
গতকাল রবিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম জুনাইদ শুনানি শেষে দুই হাজার টাকা মুচলেকায় এই জামিন মঞ্জুর করেন। আজ সোমবার ডিএমপির প্রসিকিউশন বিভাগ সূত্রে এ তথ্য জানা গেছে।
আদালত সূত্রে জানা গেছে, তিন দিনের রিমান্ড শেষে রবিবার তাকে আদালতে হাজির করা হয়। ওইদিন মামলার তদন্তকারী কর্মকর্তা ও গোয়েন্দা বিভাগের (ডিবি) পুলিশ পরিদর্শক জেহাদ হোসেন তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন।
এসময় আসামিপক্ষে ঢাকা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ আবুল কালাম খান জামিন প্রার্থনা করেন। শুনানি শেষে আদালত আগামী ধার্য তারিখ ২৮ অক্টোবর পর্যন্ত জামিন মঞ্জুর করেন।
এর আগে গত ৩০ সেপ্টেম্বর দুপুর পৌনে ৩টার দিকে রমনা থানার সেগুনবাগিচার একটি বাসা থেকে মহিউদ্দিনকে গ্রেপ্তার করা হয়। পরদিন গত ১ অক্টোবর আদালত তার তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছিলেন।
গত ২৬ সেপ্টেম্বর রাতে নিউ গিনি প্রপার্টিজের আবাসন প্রকল্পে হামলা, ভাঙচুর ও গোলাগুলির ঘটনা ঘটে। এ সময় প্রকল্পের ভেতরে থাকা কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ‘ব্রাউনফিশ’ স্টুডিওতেও ভাঙচুর ও লুটপাট চালানো হয়।
এ ঘটনায় নিউ গিনি আবাসন প্রকল্পের পরিচালক সাইফুল ইসলাম ভূঁইয়া পরদিন রবিবার ক্যান্টনমেন্ট থানায় মামলাটি করেন।



