হাজারীবাগে গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

হাজারীবাগে লাইজু আক্তার (১৪) নামে এক গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ
রাজধানীর হাজারীবাগে লাইজু আক্তার (১৪) নামে এক গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৫ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে একটি বাসা থেকে উদ্ধার করা হয় মরদেহটি।
হাজারীবাগ থানার উপপরিদর্শক (এসআই) ফয়জুর রহমান জানান, থানাধীন ৪৯/ডি নম্বর বাড়ির পঞ্চম তলার একটি ভাড়া বাসা থেকে উদ্ধার করা হয় লাইজু আক্তারকে। বাড়িটি বাড্ডা নগর পানির ট্যাংকসংলগ্ন ছয়তলা একটি ভবন।
পুলিশের ভাষ্য, বাসার লোকজনের কাছ থেকে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ফ্যানের সঙ্গে গামছা পেঁচানো অবস্থায় লাইজুকে উদ্ধার করা হয়। পরে রাত পৌনে ১০টার দিকে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে মৃত ঘোষণা করেন জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক।
বাসার মালিক মো. ইমরান হোসেন জানান, লাইজু আক্তার ওই বাসায় গৃহকর্মী হিসেবে কাজ করতেন। সন্ধ্যায় সবার অগোচরে ফ্যানের সঙ্গে গলায় গামছা পেঁচিয়ে তিনি আত্মহত্যা করেন বলে ধারণা করা হচ্ছে। বিষয়টি জানতে পেরে পুলিশকে খবর দেন তারা।
তবে কী কারণে লাইজু আক্তার আত্মহত্যা করেছেন, তা জানা যায়নি।
লাইজু আক্তার পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার সাতুবুনিয়া গ্রামের মোস্তফার মেয়ে। তার মরদেহ ময়নাতদন্তের জন্য রাখা হয়েছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে।







