তেজগাঁওয়ে ৮ হাজার ৪০০ পিস ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার ২

নাবিস্কু বিস্কুট অ্যান্ড ব্রেড ফ্যাক্টরি লিমিটেডের সামনে ফুটপাত থেকে তাদের গ্রেপ্তার করা হয়। ছবি : সংগৃহীত
রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চলে অভিযান চালিয়ে ৮ হাজার ৪০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ ঘটনায় মিটন চাকমা (২৪) ও লাতো চাকমা (২৪) নামে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।
আজ শনিবার শহীদ তাজউদ্দীন আহমদ সরণিতে নাবিস্কো বিস্কুট অ্যান্ড ব্রেড ফ্যাক্টরি লিমিটেডের সামনে ফুটপাত থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ইয়াবার পাশাপাশি একটি মোবাইল ফোনও উদ্ধার করা হয়েছে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, ঢাকা মেট্রো (উত্তর) কার্যালয়ের গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। অধিদপ্তরের মহাপরিচালক মো. হাসান মারুফের সার্বিক দিকনির্দেশনায় এবং ঢাকা মেট্রো (উত্তর) কার্যালয়ের উপপরিচালক মো. রাজিউর রহমানের নেতৃত্বে একটি দল অভিযানে অংশ নেয়। অধিদপ্তরের ধানমন্ডি সার্কেল অভিযানটি পরিচালনা করে।
অভিযানে গ্রেপ্তার দুজনের দেহ তল্লাশি করে ৮ হাজার ৪০০ পিস ইয়াবা ট্যাবলেট ও একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ (সংশোধিত ২০২০ ও ২০২৬) অনুযায়ী তেজগাঁও শিল্পাঞ্চল থানায় মামলা করা হয়েছে। অধিদপ্তরের ধানমন্ডি সার্কেলের পরিদর্শক আব্দুল্লাহ আল মামুন বাদী হয়ে মামলাটি দায়ের করেছেন।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানিয়েছে, বর্তমান সরকারের মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।



