প্রাণ বাঁচাতে দৌড়, তবুও হলো না শেষ রক্ষা

গ্রাফিকস: আগামীর সময়
রাজধানীর লালবাগে প্রাণ বাঁচাতে দৌড়ে পালিয়েও শেষ রক্ষা হয়নি বিপ্লবের (২৬)। দুর্বৃত্তরা পিছু ধাওয়া করে ধরে তাকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করেছে। রবিবার দুপুরে শহিদনগরের ৬ নম্বর গলিতে একটি নির্মাণাধীন ভবনের সামনে এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, দুপুরে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা বিপ্লবের ওপর হামলা চালায়। প্রাণ বাঁচাতে তিনি দৌড়ে পালানোর চেষ্টা করেন। কিন্তু হামলাকারীরা পিছু ধাওয়া করে তাকে ধরে ফেলে। এরপর ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কোপালে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
ঘটনাস্থলে লালবাগ থানার পরিদর্শক (অপারেশন) মো. রাশেদুজ্জামান হত্যাকাণ্ডের বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, দুর্বৃত্তরা বিপ্লবকে কুপিয়ে হত্যা করে পালিয়ে গেছে। হত্যাকাণ্ডের কারণ ও জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে তদন্ত চলছে। মরদেহ উদ্ধারের পর আইনি প্রক্রিয়া সম্পন্ন করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে।
নিহত বিপ্লবের বাবার নাম মো. দেলোয়ার। তাদের বাসা রাজধানীর শহিদনগর এলাকায়।




