পিআইবিতে তথ্য প্রতিমন্ত্রী
সুনির্দিষ্ট প্রশিক্ষণের মাধ্যমে সাংবাদিকতায় আসা উচিত

সংগৃহীত ছবি
তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, যে কেউ যেকোনো পেশায় যেতে পারেন, সরকার তা নিয়ন্ত্রণ করবে না। তবে সাংবাদিকতা পেশায় আসতে হলে সুনির্দিষ্ট প্রশিক্ষণের মাধ্যমে আসা উচিত। তিনি জানিয়েছেন, সেই দূরদর্শী চিন্তা থেকেই সাংবাদিকদের প্রশিক্ষণের জন্য শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান পিআইবি প্রতিষ্ঠা করেছিলেন।
গতকাল বুধবার ‘গণমাধ্যম বিষয়ক তিন মাস মেয়াদি সার্টিফিকেট কোর্স’-এর সমাপন ও সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেছেন। রাজধানীর সার্কিট হাউজ রোডে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) অডিটরিয়ামে এ আয়োজন করা হয়। প্রতিমন্ত্রী বলেছেন, রাজনীতিবিদ, ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ প্রায়ই অভিযোগ করেন, এখন মোবাইল ফোন থাকলেই অনেকে সাংবাদিক হয়ে যান। বিষয়টি সবারই খেয়াল রাখা উচিত। সাংবাদিক হতে চাইলে নির্দিষ্ট প্রশিক্ষণ সম্পন্ন করে এ পেশায় আসার আহ্বান জানিয়েছেন তিনি।
পিআইবির সনদ দেশ-বিদেশে উচ্চতর প্রশিক্ষণের ক্ষেত্রে বিশেষ মর্যাদা বহন করে বলেও মন্তব্য করেন তিনি। প্রশিক্ষণার্থীদের বস্তুনিষ্ঠ সাংবাদিকতা চর্চার পাশাপাশি ভবিষ্যতে অন্যদের প্রশিক্ষণ দিয়ে দেশ গঠনে ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন প্রতিমন্ত্রী।
অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে পিআইবির মহাপরিচালক ফারুক ওয়াসিফ বলেছেন, বাংলাদেশের বিরুদ্ধে চলমান তথ্যযুদ্ধ ও গুজব মোকাবিলায় নাগরিকদের সচেতন হতে হবে এবং প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করতে হবে। পিআইবি মহাপরিচালক অপতথ্য প্রতিরোধে যাচাই-বাছাই ছাড়া কোনো তথ্য প্রচার না করে সম্পাদিত ও যুক্তিনির্ভর সংবাদ পরিবেশনের ওপর গুরুত্ব আরোপ করেন।



