ঢাকায় ছড়াচ্ছে দুর্গন্ধ, যত্রতত্র বর্জ্য ফেলার শাস্তি শুধু কাগজে
- রাস্তায় বা উন্মুক্ত স্থানে আবর্জনা ফেললে সর্বোচ্চ ৫ হাজার টাকা জরিমানার বিধান

নারায়ণগঞ্জের সাইনবোর্ড এলাকায় কর্তৃপক্ষের নির্দেশনা উপেক্ষা করে সড়কের পাশে ফেলা হচ্ছে বর্জ্য। ছবি : সংগৃহীত
আবহাওয়া অধিদপ্তর গত ১১ থেকে ১২ জুলাই সন্ধ্যা ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ঢাকায় ১৭৫ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করেছিল। আর এতেই রাজধানীর বেশিরভাগ এলাকায় সৃষ্টি হয় জলাবদ্ধতা। তখন ঢাকার দুই সিটি করপোরেশন জানিয়েছিল জলাবদ্ধতার মূলে একটি বড় কারণ স্টর্ম ওয়াটার ড্রেনে (বৃষ্টির পানি নামার নর্দমা) বর্জ্য তথা প্লাস্টিক জমে থাকা।
বিপুলসংখ্যক মানুষের এই নগরীকে নাকানিচুবানি খাওয়াচ্ছে বর্জ্য। এই শহরের অলিগলি, বাসাবাড়ির গেটের সামনে, প্রধান সড়ক কিংবা গণপরিসর—সর্বত্রই বর্জ্য ফেলে মানুষ। অথচ যত্রতত্র বর্জ্য ফেলার শাস্তিস্বরূপ জেল-জরিমানার বিধান থাকলেও প্রয়োগের অভাবে সে সম্পর্কে জানে না সাধারণ নাগরিকরা। তাই পরিবেশবিদদের পরামর্শ, আইন কার্যকর না করলে থামবে না যত্রতত্র বর্জ্য ফেলার প্রবণতা।
রাজধানীতে যত্রতত্র বর্জ্য পড়ে থাকার একটি বড় কারণ হলো, পর্যাপ্ত ডাস্টবিন না থাকা। যদিও ঢাকার পরিচ্ছন্নতার দিকে প্রধানমন্ত্রীর বিশেষ নজরদারি শুরুর পর সে বিষয়ে সজাগ হয়েছে সিটি করপোরেশন। এর মধ্যে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) পক্ষ থেকে প্রায় ৬০০টি নতুন ডাস্টবিন বসানো হয়েছে। চলতি বছরের মধ্যে মোট এক হাজার ডাস্টবিন এবং আগামী বছরের মধ্যে ২ হাজার ডাস্টবিন দেওয়ার পরিকল্পনা রয়েছে ডিএসসিসির।
অন্যদিকে ঢাকা উত্তর সিটিও নতুন ডাস্টবিন বসানো শুরু করেছে। তিন শতাধিক ডাস্টবিন বসানো হয়েছে সম্প্রতি। আরও কিছু বসানোর কাজ চলছে। এ ছাড়া মাস দুয়েক আগে সবুজ ও হলুদ রঙের প্লাস্টিকের ডাস্টবিন বসিয়েছে পাঁচ শতাধিক। তবে এখনো নগরীর সৌন্দর্য রক্ষা ও দুর্গন্ধ এড়াতে দিনের বেলা উন্মুক্ত ট্রাকে বর্জ্য পরিবহন বন্ধ করেনি কর্তৃপক্ষ। বাসাবাড়ি থেকে খোলা ভ্যানে করেই বর্জ্য পরিবহন করা হয় নগরে, যার দুর্গন্ধে নাকাল হতে হয় নগরবাসীকে।
নগরবিদরা বলছেন, দুই সিটিতে প্রতিদিন সাড়ে ৭ হাজার টন বর্জ্য তৈরির যে হিসাব তার বাইরেও বর্জ্যের একটি বড় অংশ থেকে যায় নগরে; যা ড্রেন-জলাশয়ে গিয়ে পড়ে।
২০২৪-২৫ সালের এক গবেষণায় দেখা গেছে, বুড়িগঙ্গা নদীর তলদেশের প্রতি টন মাটিতে গড়ে এক থেকে সোয়া কেজি প্লাস্টিক বর্জ্য থাকে। ফলে নগরের বর্জ্য শুধু বায়ু বা মানুষকেই আক্রান্ত করছে না; বরং এটি জলজ প্রাণীর জীবনকেও বিপন্ন করছে।
এদিকে, যত্রতত্র ফেলা ময়লা বা ল্যান্ডফিলের বর্জ্য পচনের ফলে প্রতিদিন নির্গত হয় মিথেন, হাইড্রোজেন সালফাইড এবং অ্যামোনিয়া গ্যাস। আমিনবাজার ল্যান্ডফিলের কারণে গাবতলী থেকে আমিনবাজার ব্রিজের পুরো এলাকার বাতাস সবসময় বিষাক্ত থাকে। অন্যদিকে মাতুয়াইলের ল্যান্ডফিলের বিষাক্ত গ্যাসের কারণে আশপাশের বাসিন্দা, পরিবহনের যাত্রী ও পথচারীরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন।
আইনের প্রয়োগ নেই
রাজধানীতে নাগরিকদের যত্রতত্র আবর্জনা ফেলা বা ঠিকাদারদের খোলা ট্রাকে ময়লা পরিবহনের অপরাধে কোনো শাস্তির দৃশ্যমান রেকর্ড সিটি করপোরেশনের কাছে নেই। ফলে ঢাকায় যেসব ভাগাড় আছে, যুগ যুগ ধরে সেগুলো থেকেই দূষিত হচ্ছে ঢাকার বাতাস।
কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিধিমালা-২০২১ অনুযায়ী, (পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫-এর অধীনে) নির্ধারিত স্থান ছাড়া যেখানে-সেখানে বর্জ্য ফেলা বা উন্মুক্ত স্থানে বর্জ্য পোড়ানোর শাস্তি সর্বোচ্চ ২ লাখ টাকা জরিমানা অথবা ২ বছরের কারাদণ্ড কিংবা উভয় দণ্ড।
আবার স্থানীয় সরকার আইন-২০০৯ (পঞ্চম তফসিল) অনুসারে, সিটি করপোরেশনের রাস্তায় বা উন্মুক্ত স্থানে আবর্জনা ফেলা বা স্তূপ করে রাখলে সর্বোচ্চ জরিমানা ৫ হাজার টাকা। অপরাধ চলতে থাকলে দৈনিক অতিরিক্ত ৫০০ টাকা হারে জরিমানা, অনাদায়ে কারাদণ্ডের বিধান রয়েছে। তবে এসব আইনের প্রয়োগ দেখেনি বাংলাদেশ।
বর্জ্যের ভাগাড় দুই ল্যান্ডফিল
ডিএসসিসিতে প্রতিদিন প্রায় সাড়ে তিন হাজার টন বর্জ্য উৎপাদন হয়, যার ১৫ শতাংশই প্লাস্টিক বর্জ্য। দক্ষিণ সিটির এসব বর্জ্য চলে যায় মাতুয়াইল ল্যান্ডফিলে। অন্যদিকে, ডিএনসিসি দৈনিক উৎপাদিত বর্জ্যের পরিমাণও তিন হাজার টনের বেশি। আমিনবাজার ল্যান্ডফিল হলো এসব বর্জ্যের সর্বশেষ ঠিকানা। এই ল্যান্ডফিলে বর্জ্যের উচ্চতা ৩০ ফুট পর্যন্ত থাকার কথা থাকলেও এখন সেখানে বর্জ্য ফেলা হচ্ছে প্রায় ১০০ ফুট উচ্চতায়। এতে অতিরিক্ত বর্জ্যে হুমকির মুখে চারপাশের পরিবেশ, ছড়াচ্ছে দুর্গন্ধ। ঢাকা দক্ষিণের মাতুয়াইল ল্যান্ডফিলের চিত্রও প্রায় একই রকম।
বর্জ্য থেকে ভিন্ন কিছু
ডিএসসিসি বর্জ্যকে সম্পদে রূপান্তরের লক্ষ্যে কোরিয়ার একটি প্রতিষ্ঠানের সঙ্গে যৌথভাবে পাঁচটি বর্জ্য প্রক্রিয়াজাতকরণ প্ল্যান্ট স্থাপনের কাজ শুরু করেছে মাতুয়াইল ল্যান্ডফিলে। ২০২৭ সালের ফেব্রুয়ারি থেকে এসব প্ল্যান্টে মিথেন গ্যাস, বিদ্যুৎ এবং কম্পোস্ট সার পাওয়ার আশা করছে সংস্থাটি। পাশাপাশি বর্জ্য থেকে বিদ্যুৎ তৈরির জন্য একটি চীনা কোম্পানির সঙ্গে কাজ করার উদ্যোগ নিয়েছে ডিএসসিসি। ২০২৭ সালের মার্চে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন শুরুর পরিকল্পনা রয়েছে সংস্থাটির। এই প্রকল্প থেকে বিদ্যুৎ ছাড়াও বর্জ্যের ছাই থেকে সিমেন্টের কাঁচামাল তৈরি করা হবে।
উত্তর সিটি বর্জ্য থেকে বিদ্যুৎ তৈরির ঘোষণা দিয়েছে বহু আগে। সে লক্ষ্যে ২০২১ সালে চীনা প্রতিষ্ঠান চায়না মেশিনারি ইঞ্জিনিয়ারিং করপোরেশনের (সিএমইসি) সঙ্গে চুক্তি করে সংস্থাটি। সর্বশেষ চলতি বছর সিএমইসিকে কাজের সুবিধার্থে সময় বাড়িয়ে ২০২৮ সালের নভেম্বর পর্যন্ত চূড়ান্ত সময় বেঁধে দেওয়া হয়েছে। এই প্ল্যান্টে বর্জ্য পুড়িয়ে প্রতিদিন ৪৩ দশমিক ৪ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা হবে।
এদিকে, পরিবেশবিদরা বলছেন, আমিনবাজার এবং মাতুয়াইলের ধারণক্ষমতা এর মধ্যে পূর্ণ হয়ে উপচে পড়ছে বর্জ্য। অধ্যাপক ড. আহমদ কামরুজ্জামান মজুমদার আগামীর সময়কে বলেছেন, পরিবেশ রক্ষায় জরিমানা করতে হবে আইন অমান্যকারীদের। আইন কার্যকর না করলে মানুষকে থামানো যাবে না।
জানতে চাইলে ডিএসসিসির প্রধান বর্জ্য ব্যবস্থাপক এয়ার কমোডর মো. মাহবুবুর রহমান তালুকদার আগামীর সময়কে বলেছেন, আইন অনুযায়ী প্রতিষ্ঠানকে জরিমানা করা হলেও ব্যক্তিকে সেভাবে জরিমানা করা যায় না। সিটি করপোরেশন সচেতনতা বাড়ানোর কথা ভাবছে। কারণ বহু মানুষকে জরিমানা করার সক্ষমতা সিটি করপোরেশনের নেই এবং ম্যাজিস্ট্রেট সে কাজে ব্যস্ত থাকলে অন্যান্য কাজ বিঘ্নিত হতে পারে। তা ছাড়া সচেতনতা না বাড়িয়ে শুধু জরিমানা করলে খুব একটা লাভ হবে বলে মনে করেন না এই কর্মকর্তা।
ডিএনসিসির প্রধান বর্জ্য ব্যবস্থাপক ক্যাপ্টেন ইখতিয়ার উদ্দীন আহমেদ চৌধুরী বলেছেন, আমিনবাজারের বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনের কাজ ২০২৮ সালে চালু হবে। তখন রাজধানীতে বর্জ্যের পরিমাণ কমে আসবে ধীরে ধীরে।



