প্রথমবার কনুইয়ের জয়েন্টসহ সম্পূর্ণ বাহু প্রতিস্থাপন

জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান (নিটোর)
বাংলাদেশের চিকিৎসা খাতে যুক্ত হলো নতুন মাইলফলক। রাজধানীর আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতালে প্রথমবারের মতো সফলভাবে হয়েছে কনুইয়ের জয়েন্টসহ সম্পূর্ণ বাহু প্রতিস্থাপন। গত ৯ সেপ্টেম্বর এই অস্ত্রোপচার হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানের (নিটোর) অধ্যাপক ডা. মো. সিরাজুস সালেহীনের নেতৃত্বে সাত সদস্যের একটি মাল্টিডিসিপ্লিনারি মেডিকেল বোর্ড প্রায় চার ঘণ্টা ধরে এই জটিল অস্ত্রোপচার করে।
অস্ত্রোপচারটি হয় ইভিং সারকোমা নামে হাড়ের ক্যানসারে আক্রান্ত এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর শরীরে। ক্যানসারে আক্রান্ত অঙ্গ সম্পূর্ণ বিচ্ছিন্ন না করে ক্যানসার আক্রান্ত অংশ অপসারণের মাধ্যমে অঙ্গের কার্যকারিতা ধরে রাখার আধুনিক চিকিৎসাপদ্ধতি ‘লিম্ব স্যালভেজ’ নামে পরিচিত। এই অস্ত্রোপচারে সবচেয়ে গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ ছিল ক্যানসারমুক্ত সুনির্দিষ্ট সীমা নিশ্চিত করা এবং একই সঙ্গে গুরুত্বপূর্ণ রক্তনালি ও স্নায়ুর কার্যকারিতা সংরক্ষণ করা। আক্রান্ত অংশ অপসারণের পর রোগীর শারীরিক প্রয়োজন অনুযায়ী বিশেষভাবে তৈরি কৃত্রিম প্রস্থেসিস সফলভাবে প্রতিস্থাপন করা হয়।



