ডিএসসিসি
ফুটপাত দখল করলে ট্রেড লাইসেন্স বাতিল

ছবিঃ আগামীর সময়
রাজধানীর সড়ক ও ফুটপাত দখলমুক্ত রাখতে কঠোর অবস্থান নিয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি)। ফুটপাত দখল করে মালামাল রাখলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ট্রেড লাইসেন্স বাতিল করার হুঁশিয়ারি দিয়ে একটি গণবিজ্ঞপ্তি জারি করেছে সংস্থাটি।
বিষয়টি বৃহস্পতিবার (৯ এপ্রিল) নিশ্চিত করেছেন ডিএসসিসির মুখপাত্র মো. রাসেল রহমান।
গণবিজ্ঞপ্তির নির্দেশনা অনুযায়ী, ডিএসসিসি এলাকার আওতাধীন কোনো শপিংমল বা মার্কেটের সামনের ফুটপাতে রাখা যাবে না কোনো প্রকার পণ্য বা মালামাল। যারা ইতোমধ্যে ফুটপাত দখল করে ব্যবসা পরিচালনা করছেন বা মালামাল রেখেছেন, তাদের নিজ উদ্যোগে অবিলম্বে সেসব সরানোর জন্য দেওয়া হয়েছে নির্দেশ।
বিজ্ঞপ্তিতে স্পষ্ট জানানো হয়েছে, এই নির্দেশনা অমান্য করলে বাতিল করা হবে সংশ্লিষ্ট দোকান বা প্রতিষ্ঠানের ট্রেড লাইসেন্স। এছাড়া বিদ্যমান আইন অনুযায়ী অপরাধীদের বিরুদ্ধে গ্রহণ করা হবে কঠোর আইনানুগ ব্যবস্থা।
ডিএসসিসি কর্তৃপক্ষ আরও জানিয়েছে, জনস্বার্থে সড়ক ও ফুটপাত দখলমুক্ত রাখতে এই উচ্ছেদ ও তদারকি অভিযান অব্যাহত থাকবে নিয়মিত।















