শ্রমিকের মর্যাদা ও ন্যায্যতা নিশ্চিত করতে হবে: মাহ্দী আমিন

সংগৃহীত ছবি
শ্রমজীবী মানুষের মর্যাদা, ন্যায্য মজুরি, নিরাপদ কর্মপরিবেশ ও দক্ষতা নিশ্চিত করেই অন্তর্ভুক্তিমূলক ও টেকসই অগ্রগতি সম্ভব বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা মাহ্দী আমিন। তিনি বলেছেন, শ্রমিকরা শুধু শ্রম দেন না, তারাই দেশের অর্থনীতির চাকা সচল রাখেন। শ্রমের মর্যাদা নিশ্চিত করা মানে দেশের মর্যাদা নিশ্চিত করা।
আজ শনিবার রাজধানীর কাকরাইলে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সে বাংলাদেশ ইনস্টিটিউট অব লেবার স্টাডিজের (বিলস) সম্মেলন ও সাধারণ সভায় তিনি এসব কথা বলেন। ‘মর্যাদা, অধিকার, ন্যায্য হিস্যা নিশ্চিতে এগিয়ে যাওয়ার প্রত্যয়’ শীর্ষক এ আয়োজনে তিনি শিল্পের স্থিতিশীলতা বজায় রাখতে মালিক-শ্রমিকের মধ্যে আস্থা ও কার্যকর যোগাযোগ গড়ে তোলার ওপর গুরুত্ব দেন।
মাহ্দী আমিন উল্লেখ করেছেন, ন্যায্য মজুরি কোনো অনুগ্রহ নয়, এটি শ্রমিকের ন্যায্য প্রাপ্য। কর্মক্ষেত্রে ন্যায়বিচার থাকলে আস্থা তৈরি হয় এবং উৎপাদনশীলতা বাড়ে। নারী শ্রমিকের নিরাপত্তা ও সমান সুযোগ নিশ্চিত করাও জরুরি।
প্রযুক্তি ও বৈশ্বিক শ্রমবাজারের পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে শ্রমিকের দক্ষতা বাড়ানোর আহ্বান জানিয়ে তিনি বলেছেন, দক্ষ শ্রমিক দেশের অন্যতম বড় উৎপাদনশীল সম্পদ। নতুন শিল্প ও মানসম্মত কর্মসংস্থানের জন্য আগামী প্রজন্মকে আধুনিক প্রশিক্ষণের মাধ্যমে প্রস্তুত করতে হবে। শ্রমিকের কল্যাণ, শিল্পের সক্ষমতা ও রাষ্ট্রের দায়িত্বশীলতার সমন্বয়েই সমৃদ্ধ বাংলাদেশ গড়ে উঠবে।
দেশের গণতান্ত্রিক আন্দোলনে শ্রমজীবী মানুষের ঐতিহাসিক অবদানের কথাও স্মরণ করেন তিনি। শ্রমিক পরিবারের সামাজিক নিরাপত্তায় সরকারের ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির আওতায় শ্রমজীবী নারীরাও যুক্ত হচ্ছেন বলে জানান মাহ্দী আমিন।





