শরীরে পেট্রল ঢেলে আগুন, ছেলের পর মারা গেলেন বাবাও

গ্রাফিকস: আগামীর সময়
রাজধানীর সূত্রাপুরে পারিবারিক কলহের জেরে শরীরে পেট্রল ঢেলে আগুনের ঘটনায় আরও একজন মারা গেছেন। গতকাল বৃহস্পতিবার রাত সোয়া ২টায় জাতীয় বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
মৃত ব্যক্তির নাম সিদ্দিক মেম্বার (৬০)। বিষয়টি নিশ্চিত করে বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. মো. সুলতান মাহমুদ শিকদার বলেছেন, সিদ্দিকের শরীরের ৩৫ শতাংশ দগ্ধ হয়েছিল। মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
একই ঘটনায় দগ্ধ হয়ে চিকিৎসাধীন অবস্থায় সিদ্দিকের ছেলে সৌদি আরব প্রবাসী মো. ইমন মারা যান। আগুনে দগ্ধ হয়ে চিকিৎসাধীন রয়েছেন আরও তিনজন।
সিদ্দিকের মেয়ে সুলতানা জানিয়েছিলেন, ‘তিন দিন আগে আমার ছোট বোন সাথীর সঙ্গে মামাতো ভাবি সোনিয়ার ঝগড়া হয়। পরে শুক্রবার আমার ভাই ইমন সৌদি থেকে আসে। ওই ঝগড়াকে কেন্দ্র করে রেগে বিকালে ইমন পেট্রল ঢেলে ঘরে আগুন দেয়।’
সোনিয়ার ভাষ্য, শনিবার বিকালে ইমন সবাইকে মেরে ফেলার হুমকি দিয়ে বললেন, ‘আমিও মরব, তোদেরকেও মারব’। এ কথা বলেই নিজের ও অন্যদের গায়ে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেন।
দগ্ধ বাকিরা হলেন— সিদ্দিকের দুই ভাগ্নে মো. রাজিব (৩৫), মো. দুলু ওরফে আরিফ (৩৬) ও ভাগ্নি মোছাম্মৎ তানিয়া (১৭)।
বার্ন ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. সুলতান মাহমুদ জানিয়েছেন, রাজিবের ১৫, দুলুর ৮ ও তানিয়ার ৬০ শতাংশ শরীর পুড়ে গেছে। তাদের অবস্থাও আশঙ্কাজনক।



