প্রাথমিকে নিয়োগ না পাওয়াদের অবস্থান শাহবাগে

সংগৃহীত ছবি
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে চূড়ান্ত সুপারিশের পরও নিয়োগপত্র না পাওয়া প্রার্থীরা দ্রুত নিয়োগের দাবিতে রাজধানীর শাহবাগে অবস্থান কর্মসূচি পালন করেছেন। গতকাল রবিবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে জড়ো হয়ে মিছিল নিয়ে শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে অবস্থান নেন তারা। দাবি পূরণ না হওয়া পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন আন্দোলনকারীরা।
আন্দোলনকারীরা বলেছেন, লিখিত, মৌখিকসহ নিয়োগের সব ধাপ পেরিয়ে চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্ত হওয়ার পরও ভেরিফিকেশনের কারণে দেওয়া হয়নি তাদের নিয়োগপত্র। বিভিন্ন সরকারি সংস্থার যাচাই-বাছাইয়ে বাদ পড়ার কারণ হিসেবে যেসব বিষয় সামনে আনা হয়েছে, সেগুলো পুনর্বিবেচনা না করে নিয়োগ থেকে বঞ্চিত করা হচ্ছে।
এদিকে সকালে আন্দোলনকারীদের একটি প্রতিনিধিদল সচিবালয়ে গিয়ে সংশ্লিষ্টদের সঙ্গে সাক্ষাতের চেষ্টা করে। তাদের অভিযোগ, ১১ সদস্যের প্রতিনিধিদল সচিবালয়ে গেলেও পরে পাঁচজনকে ভেতরে নেওয়া হয় এবং তাদের সঙ্গে মন্ত্রী, সচিব বা উপসচিব পর্যায়ের কেউ সাক্ষাৎ করেননি। প্রতিনিধিদলের সদস্য সাখাওয়াত হোসেন বললেন, ‘আমাদের সঙ্গে প্রহসনমূলক আচরণ করা হয়েছে। আমাদের কর্মসূচি অব্যাহত রাখার সিদ্ধান্ত নিয়েছি। ৬৪ জেলায় নিয়োগবঞ্চিতদের সবাইকে নিয়োগপত্র না দেওয়া পর্যন্ত চলবে এই কর্মসূচি।’



