কাভার্ড ভ্যানের চাপায় আইইউবি শিক্ষার্থী নিহত, চালক গ্রেপ্তার

গ্রেপ্তার চালক লিমন খান
রাজধানীর শেরেবাংলা নগরে কাভার্ড ভ্যানের চাপায় ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটির বিবিএ চতুর্থ বর্ষের শিক্ষার্থী অলি নূর মাহমুদ (২৩) নিহতের ঘটনায় চালক লিমন খানকে গ্রেপ্তার করেছে পুলিশ। একই সঙ্গে দুর্ঘটনায় ব্যবহৃত কাভার্ড ভ্যানটিও উদ্ধার করা হয়েছে।
আজ বুধবার রাতে বিষয়টি নিশ্চিত করেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপপুলিশ কমিশনার নিয়াজ মেহেদী।
তিনি জানিয়েছেন, গ্রেপ্তারের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।
শেরেবাংলা নগর থানা সূত্রে জানা গেছে, গত রবিবার সকালে অলি নূর মোটরসাইকেলে করে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র মাঠের মধ্যবর্তী সড়ক দিয়ে যাওয়ার সময় একটি অজ্ঞাত অটোরিকশার আকস্মিক বাধায় পড়েন। এ সময় পেছন থেকে আসা একটি কাভার্ড ভ্যান তাকে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। পরে আগারগাঁও ফাঁড়ির পুলিশ সদস্যরা তাকে উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহতের বাবা মসিহ উদ্দিন মাহমুদের অভিযোগের পরিপ্রেক্ষিতে শেরেবাংলা নগর থানায় একটি মামলা হয়।
মামলা তদন্তকালে তথ্যপ্রযুক্তির সহায়তায় কাভার্ড ভ্যানচালকসহ কাভার্ড ভ্যানটি শনাক্ত করা হয়। পরে বুধবার দুপুরে শেরেবাংলা নগর থানা পুলিশ অভিযান চালিয়ে কুড়িল বিশ্বরোড এলাকা থেকে চালক লিমন খানকে গ্রেপ্তার করে। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে মোহাম্মদপুরের সাত মসজিদ এলাকা থেকে কাভার্ড ভ্যানটি উদ্ধার করা হয়।






