কড়াইল বস্তিতে অভিযানে বিপুল মাদক উদ্ধার

সংগৃহীত ছবি
রাজধানীর কড়াইল বস্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ২ হাজার ৬০০ পিস ইয়াবা ট্যাবলেট, ৬ কেজি গাঁজা ও মাদক বিক্রির ১ লাখ ৮৮ হাজার টাকা উদ্ধার করা হয়েছে। এ সময় দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। মাদক কারবারির সঙ্গে জড়িত থাকার অভিযোগে আরও দুইজন পলাতক রয়েছেন।
বুধবার (২৫ নভেম্বর) ঢাকা মহানগরীর বনানী থানাধীন কড়াইল বস্তির জামাইবাজার এলাকায় এ অভিযান চালায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ঢাকা মেট্রো কার্যালয় (উত্তর)। অধিদপ্তরের উপপরিচালক মো. রাজিউর রহমানের নেতৃত্বে এবং মহাপরিচালক মো. হাসান মারুফের সার্বিক দিকনির্দেশনায় অভিযানটি পরিচালিত হয়।
অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জামাইবাজারের ইউনিট-১, ব্লক-ক, মুক্তারের পানির ট্যাংকির গলিতে মান্নানের বাড়িতে অভিযান চালানো হয়। বাড়িটির দ্বিতীয় তলায় পূর্বমুখী চার কক্ষের একটি বাসা ভাড়া নিয়ে থাকতেন মো. ইব্রাহিম খলিল, মো. সুজন মিয়া ও শহীদ। ওই বাসার দক্ষিণ পাশের কক্ষে তল্লাশি চালিয়ে ২ হাজার ৫০০ পিস ইয়াবা, ৬ কেজি গাঁজা, মাদক বিক্রির ১ লাখ ৮৮ হাজার টাকা ও একটি বাটন ফোন উদ্ধার করা হয়। এ সময় মো. ইব্রাহিম খলিলকে গ্রেপ্তার করা হয়। তবে সুজন মিয়া ও শহীদ পালিয়ে যান।
এ ছাড়া জামাইবাজার এলাকায় বাদলের বাড়িতে অভিযান চালিয়ে মাদক কারবারির ক্যাশিয়ার হিসেবে কাজ করার অভিযোগে রমজান আলী (৩০) নামে একজনকে ১০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, পলাতক সুজন মিয়া (৪১) ও শহীদ (৩৭) কড়াইল বস্তি এলাকার বিভিন্ন স্থানে প্রভাব বিস্তার করে গাঁজা, ইয়াবা ও হেরোইন বিক্রি করতেন বলে অভিযোগ রয়েছে।
গ্রেপ্তার দুইজন এবং পলাতক দুইজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ (সংশোধিত, ২০২৬) অনুযায়ী বনানী থানায় দুটি মামলা করা হয়েছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের গুলশান সার্কেলের পরিদর্শক মো. এমদাদুল হক খাঁন ও উপপরিদর্শক মো. আবির হাসান বাদী হয়ে মামলা দুটি করেন।
প্রেস বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, বর্তমান সরকারের মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ঢাকা মেট্রো কার্যালয় (উত্তর) এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।




