লাইভ টকশো থেকে উঠে গেলেন রাশেদ খাঁন

ছবি : ভিডিও থেকে নেওয়া
সহ-আলোচকের ‘ফালতু লোক’ মন্তব্যের প্রতিবাদ জানিয়ে লাইভ টকশো থেকে উঠে গেছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক সহকারী মো. রাশেদ খাঁন।
গতকাল শুক্রবার রাতে বেসরকারি টেলিভিশন চ্যানেল স্টার নিউজের সরাসরি সম্প্রচারিত রাজনৈতিক টকশো ‘কড়া আলাপে’ ঘটে এই ঘটনা।
লাইভ অনুষ্ঠানের ভিডিওতে দেখা গেছে, সহ-আলোচকের ওই মন্তব্যটি প্রত্যাহারের দাবি জানান রাশেদ। একইসঙ্গে তিনি এই ঘটনায় তাৎক্ষণিক উপযুক্ত প্রতিকার দাবি করেছেন।
তবে সংশ্লিষ্ট বক্তা নিজে মন্তব্য প্রত্যাহার না করায় শেষ পর্যন্ত সঞ্চালক ও দর্শকদের কাছে দুঃখ প্রকাশ করে লাইভ অনুষ্ঠান ত্যাগ করেন রাশেদ।
আলোচনায় সমসাময়িক বিভিন্ন রাজনৈতিক বিষয় নিয়ে রাশেদ খাঁন ও সহ-আলোচক ড. আব্দুল মান্নানের মধ্যে তীব্র বাগ্বিতণ্ডা হয়। একপর্যায়ে আব্দুল মান্নান তাকে উদ্দেশ করে ‘ফালতু লোক’ মন্তব্য করেন।
এ মন্তব্যের তীব্র প্রতিবাদ জানান রাশেদ খাঁন। তিনি বলেছেন, জাতীয় গণমাধ্যমের সামনে একজন রাজনৈতিক নেতাকে উদ্দেশ করে এ ধরনের আক্রমণাত্মক ভাষা ব্যবহার কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
তিনি অনুষ্ঠানের সঞ্চালক মনিরুল ইসলামের কাছে তাৎক্ষণিক সমাধান ও উপযুক্ত প্রতিকার দাবি করেন।
একই সঙ্গে রাশেদ জানান, আত্মসম্মান বিসর্জন দিয়ে নির্লজ্জের মতো সেখানে বসে থাকা তার পক্ষে সম্ভব নয়।
দুই আলোচকের এমন উত্তেজনাকর পরিস্থিতি বেশ শান্তভাবে সামাল দেওয়ার চেষ্টা করেন সঞ্চালক মনিরুল ইসলাম। একপর্যায়ে তিনি গণমাধ্যমের সামনে এমন ভাষা ব্যবহারের জন্য দুঃখ প্রকাশ করেন।
পাশাপাশি অনুষ্ঠানের পক্ষ থেকে ড. আব্দুল মান্নানের মন্তব্য প্রত্যাহার করে নেওয়ারও প্রস্তাব দেন তিনি। একইসঙ্গে রাশেদ খাঁনকে আলোচনায় থেকে যাওয়ারও অনুরোধ জানান।
তবে এ প্রস্তাবে রাজি হননি রাশেদ। তিনি জানান, যিনি তাকে সরাসরি কটূক্তি করেছেন, তাকেই নিজের বক্তব্য প্রত্যাহার করতে হবে।
এদিকে, আব্দুল মান্নানও তাৎক্ষণিক নিজের মন্তব্য প্রত্যাহার না করায় এবং সঞ্চালকের পদক্ষেপও তার পছন্দ না হওয়ায় শেষ পর্যন্ত অনুষ্ঠান ত্যাগ করেন রাশেদ খাঁন।



