বায়ুদূষণে আজ দ্বিতীয় ঢাকা, বেশি দূষণ যেসব এলাকায়

ছবি: ফোকাস বাংলা
বায়ুদূষণে বিশ্বের শহরগুলোর তালিকায় আজ দ্বিতীয় স্থানে উঠে এসেছে বাংলাদেশের রাজধানী ঢাকা। এয়ার কোয়ালিটি ইনডেক্সে ১৭৫ স্কোর নিয়ে ঢাকার বাতাসের মান আজ অস্বাস্থ্যকর পর্যায়ে রয়েছে। সুইজারল্যান্ডভিত্তিক বাতাসের মান পর্যবেক্ষণকারী সংস্থা আইকিউএয়ারের সূচক থেকে জানা গেছে এ তথ্য।
ঢাকার বায়ুদূষণের প্রধান উপাদান হলো— বাতাসে অতিক্ষুদ্র বস্তুকণা বা পিএম ২.৫-এর উপস্থিতি। আজ সকালে ঢাকার বাতাসে অতিক্ষুদ্র বস্তুকণার পরিমাণ বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) মানদণ্ডের চেয়ে বেশি রয়েছে প্রায় ১৮ গুণ।
আজ ঢাকার সবচেয়ে দূষিত বাতাস বিরাজ করছে মিরপুরের দক্ষিণ পল্লবী (১৮১) এলাকায়। তালিকায় এর পরেই রয়েছে যথাক্রমে বারিধারা পার্ক রোড (১৭৯), গুলশান লেক পার্ক (১৭৯), বেচারাম দেউড়ি (১৭৮), আগারগাঁও (১৭৫), সাগুফতা (১৭৫), বারিধারা লেকসাইড (১৭৩), মাদানি সরণির বেজ এজওয়াটার আউটডোর (১৬৩) ও গুলশানের গ্রেস ইন্টারন্যাশনাল স্কুল (১৫৮) এলাকা।
দূষণের তালিকায় আজ বিশ্বের শহরগুলোর তালিকায় শীর্ষে রয়েছে পাকিস্তানের লাহোর (১৭৮)। তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে ঢাকা ও তৃতীয় স্থানে রয়েছে ইন্দোনেশিয়ার জাকার্তা (১৭৪)।
আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয় বায়ুর মান। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর বলে বিবেচনা করা হয়। এ ছাড়া ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ বলে বিবেচিত হয়।



