শাহজালালে ৩৪ লাখ টাকার অবৈধ পণ্য জব্দ

সংগৃহীত ছবি
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের অভিযানে ৫৯৫ কার্টন বিদেশি সিগারেট, ২৪.২ কেজি নিষিদ্ধ গৌরী ক্রিম এবং ১০ লিটার বিদেশি মদ আটক করা হয়েছে।
আজ শুক্রবার দুপুরে পরিচালিত এ অভিযানে জব্দকৃত পণ্যের আনুমানিক বাজারমূল্য ৩৩ লাখ ৬২ হাজার টাকা।
কাস্টমস গোয়েন্দা ও তদন্ত সার্কেল সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গোয়েন্দা কর্মকর্তারা বিমানবন্দরে সতর্ক অবস্থান নেন। কলম্বো থেকে আসা একটি ফ্লাইটের পাঁচ যাত্রীর ব্যাগ তল্লাশি করে মোহাম্মদ রুবেলের কাছ থেকে ১৬১ কার্টন সিগারেট ও ৬.৪ কেজি নিষিদ্ধ গৌরী ক্রিম, আবদুল্লাহ আল মোবারকের কাছ থেকে ১৪৯ কার্টন সিগারেট ও ৫.৮ কেজি নিষিদ্ধ গৌরী ক্রিম, খোরশেদ আলমের কাছ থেকে ১৮৮ কার্টন সিগারেট, মোসাম্মৎ রাবেয়া বেগমের কাছ থেকে ৮৮ কার্টন সিগারেট ও ১২ কেজি নিষিদ্ধ গৌরী ক্রিম এবং মো. গোলাপের কাছ থেকে ৯ কার্টন সিগারেট জব্দ করা হয়।
এর পাশাপাশি মুম্বাই থেকে আসা অপর একটি ফ্লাইটের যাত্রী মোবারক হোসেনের লাগেজ তল্লাশি করে ১০ লিটার বিদেশি মদ আটক করেন শুল্ক কর্মকর্তারা।
সব মিলিয়ে ৫৯৫ কার্টন সিগারেট, ২৪.২ কেজি নিষিদ্ধ গৌরী ক্রিম ও ১০ লিটার মদ আটক করা হয়। গোপন তথ্য, যাত্রী বিশ্লেষণ ও নজরদারির মাধ্যমে চোরাচালান ও অবৈধ পণ্য প্রতিরোধে এই অভিযান অব্যাহত রাখা হয়েছে।



