গবেষণা প্রস্তাব মূল্যায়নে প্রকল্পের উপযোগিতা বিবেচনায় নিতে আহ্বান

গবেষণা প্রস্তাব মূল্যায়নের ক্ষেত্রে কোনো ধরনের প্রভাব, চাপ বা হস্তক্ষেপ বিবেচনায় না নিয়ে শুধু প্রকল্পের উপযোগিতা ও গুণগত মানকে ভিত্তি হিসেবে ধরার আহ্বান জানালেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ।
গতকাল বুধবার জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি কমপ্লেক্সে আয়োজিত এক আলোচনা সভায় এ আহ্বান জানিয়েছেন তিনি। হায়ার এডুকেশন অ্যাক্সিলারেশন অ্যান্ড ট্রান্সফরমেশন (হিট) প্রকল্পের আওতায় ‘উপ-প্রকল্প মূল্যায়নের মানদণ্ড পরিচিতি’ শীর্ষক এই আলোচনার আয়োজন করা হয়।
ড. মামুন আহমেদ বললেন, ‘গবেষণা প্রকল্প নির্বাচনে নিরপেক্ষতা ও স্বচ্ছতা নিশ্চিত করতে একাধিক ধাপে মূল্যায়নকারী নির্বাচন করা হয়েছে। একই সঙ্গে মূল্যায়ন কার্যক্রম শুরু হওয়ার আগে মূল্যায়নকারীদের তাদের কী কাজ করতে হবে তা গোপন রাখা হয়। এর ফলে মূল্যায়ন প্রক্রিয়ায় সম্ভাব্য প্রভাব বা অনাকাঙ্ক্ষিত যোগাযোগের সুযোগ কমানো সম্ভব হয়েছে।’



