খেলতে খেলতে রাস্তায় নেমে পড়ে শিশুটি, গাড়ির ধাক্কায় গেল প্রাণ

গ্রাফিকস: আগামীর সময়
রাজধানীর শেরে বাংলা নগরে আগারগাঁও এলাকায় বিজ্ঞান জাদুঘরের সামনে প্রাইভেটকারের ধাক্কায় গুরুতর আহত চার বছরের শিশু মোহাম্মদ জিসান মারা গেছে। পরিবারের দাবি, খেলতে খেলতে ফুটপাত থেকে রাস্তায় নামার সঙ্গে সঙ্গেই একটি প্রাইভেটকার শিশুটিকে ধাক্কা দেয়।
আজ বৃহস্পতিবার ভোর ৪ টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের ওয়ান স্টপ ইমারজেন্সি সেন্টারে (ওসেক) চিকিৎসাধীন অবস্থায় শিশুটির মৃত্যু হয়। এর আগে গতকাল বুধবার দুপুরে ঘটে এ দুর্ঘটনা।
ভোলার লালমোহন উপজেলার গুদিরপুর গ্রামের ডিজেল ব্যবসায়ী আলী আকবরের ছেলে জিসান। দুই ভাইয়ের মধ্যে সে ছিল বড়।
ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক এসআই সেলিম হোসেন বলেছেন, নিহত শিশুর লাশ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি শেরে বাংলা নগর থানাকে অবগত করা হয়েছে।
নিহত শিশুর বাবা আলী আকবর বলেছেন, বুধবার দুপুর আনুমানিক ১২টার দিকে বিজ্ঞান জাদুঘরের সামনে খেলাধুলা করার সময়ে ফুটপাত থেকে রাস্তায় নামার সঙ্গে সঙ্গে একটি প্রাইভেটকার জিসানকে ধাক্কা দেয়। এতে সে ছিটকে পড়ে গুরুতর আহত হয়।
‘সেখান থেকে তাকে উদ্ধার করে প্রথমে নিউরোসায়েন্স ইনস্টিটিউটে নেওয়া হয়। পরে সেখান থেকে ঢামেক হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার।’
রাজধানীতে সড়ক দুর্ঘটনায় হতাহতের ঘটনা প্রায়ই ঘটে। পথচারী বা ফুটপাতে থাকা মানুষ দুর্ঘটনার শিকার হন বেশি।
২০২০ থেকে ২০২৬ সালের জুলাই পর্যন্ত রাজধানীর সড়ক দুর্ঘটনার চিত্র নিয়ে সম্প্রতি রোড সেফটি ফাউন্ডেশন প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, গত সাড়ে ৬ বছরে রাজধানীতে ১ হাজার ৮৪৯টি সড়ক দুর্ঘটনায় ১ হাজার ৩৮৪ জন নিহত হয়েছেন। এসব ঘটনায় আহত হয়েছেন আরও ২ হাজার ৪৮৮ জন। নিহতদের মধ্যে বেশি ছিলেন পথচারী ও মোটরসাইকেল আরোহী। দুর্ঘটনার বড় অংশ ঘটেছে রাতে।




