কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব

সালমান মুক্তাদির। ছবি: ফেসবুক থেকে নেওয়া
বহুল আলোচিত কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য চেয়েছে আর্থিক গোয়েন্দা সংস্থা বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)।
আজ বুধবার দেশের সব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে এ বিষয়ে চিঠি পাঠিয়েছে বিএফআইইউ। কয়েকটি ব্যাংক চিঠি পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছে।
চিঠিতে সালমান মুক্তাদিরের নামে থাকা ব্যাংক হিসাবের তথ্য, হিসাব খোলার ফরম, গ্রাহকের পরিচিতি যাচাইসংক্রান্ত (কেওয়াইসি) নথি, লেনদেনের বিবরণীসহ সংশ্লিষ্ট তথ্য সংগ্রহ করে বিএফআইইউতে পাঠাতে বলা হয়েছে। এসব তথ্য পাঠানোর জন্য আধা ঘণ্টা সময় দেওয়া হয়েছে।
এর আগে ২৬ সেপ্টেম্বর রাতে সালমান মুক্তাদিরের ‘ব্রাউন ফিস’ স্টুডিওতে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে।
এ হামলার ঘটনায় রাতে বিএনপির লোকজন জড়িত বলে অভিযোগ করে সালমান ফেসবুক লাইভে বলেছেন, ‘বিএনপির লোকজন যারা করছে, এটা তোমাদের চাঁদাবাজি। কেন তোমরা আমার ড্রিমটা নষ্ট করছ?’
পরদিন রবিবার বিএনপিকে জড়িয়ে সালমান মুক্তাদিরের দেওয়া এ বক্তব্য নিয়ে উষ্মা প্রকাশ করেছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছিলেন, ‘একদিকে তিনি (সালমান মুক্তাদির) লাইভে বলেছেন, তার কাছে কেউ চাঁদা চাননি, চাইলে তিনি দিতেন। আবার বিএনপিকে চাঁদাবাজ দল বলেছেন। এ ধরনের বক্তব্যের কোনো ভিত্তি নেই। তার বক্তব্য বিতর্কের জন্ম দিয়েছে।’





