কবরস্থান খুঁজছে ঢাকা উত্তর সিটি করপোরেশন

সংগৃহীত ছবি
রাজধানীর ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) এলাকায় দিন দিন প্রকট হয়ে উঠছে কবরস্থানের সংকট। উত্তর সিটির আওতায় থাকা বিদ্যমান কবরস্থানগুলোতে দিন দিন কবরের সংখ্যা বাড়তে থাকায় খালি জায়গা দ্রুত ফুরিয়ে আসছে। এমন পরিস্থিতিতে সংকট নিরসনে নতুন ও বড় পরিসরের কোনো জমি বা জায়গা খুঁজছে ডিএনসিসি কর্তৃপক্ষ।
সিটি করপোরেশন সূত্র জানায়, ঢাকা উত্তরে জনসংখ্যার দ্রুত বৃদ্ধি এবং নগরায়ণের ফলে নতুন নতুন আবাসন গড়ে উঠলেও সে অনুপাতে নতুন কোনো বড় সমাধিস্থল বা কবরস্থান প্রস্তুত করা সম্ভব হয়নি। এতে বিদ্যমান কবরস্থানগুলোর ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি হয়েছে। অনেক জায়গায় নতুন দাফনের জন্য স্থান সংকুলান করা কঠিন হয়ে দাঁড়িয়েছে।
এই পরিস্থিতি উত্তরণে একটি দীর্ঘমেয়াদি সমাধান বের করার উদ্যোগ নিয়েছে ডিএনসিসি। করপোরেশনের কর্মকর্তারা জানান, একটি সুপরিকল্পিত এবং আন্তর্জাতিক মানসম্পন্ন বড় কবরস্থান প্রতিষ্ঠার লক্ষ্যে ডিএনসিসি উপযুক্ত জমির সন্ধান চালাচ্ছে। প্রস্তাবিত নতুন স্থানটি পাওয়ার পর সেখানে প্রয়োজনীয় অবকাঠামো উন্নয়ন এবং সুবিন্যস্ত দাফনব্যবস্থা গড়ে তোলা হবে।
ডিএনসিসি প্রশাসক মো. শফিকুল ইসলাম খান বলেছেন, দ্রুত স্থান নির্বাচন সম্পন্ন হলে রাজধানীর একটি বড় অংশের মানুষের এই দীর্ঘদিনের দাফনসংক্রান্ত ভোগান্তি ও দুশ্চিন্তা দূর করা সম্ভব হবে।



