জাতীয় চিড়িয়াখানার পরিবেশ ও সেবার খোঁজ নিতে হঠাৎ পরিদর্শনে প্রতিমন্ত্রী

সংগৃহীত ছবি
রাজধানীর মিরপুরে অবস্থিত জাতীয় চিড়িয়াখানা আকস্মিকভাবে পরিদর্শন করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু।
আজ শুক্রবার সকালে তিনি এ পরিদর্শনে যান। পরিদর্শনকালে প্রতিমন্ত্রী চিড়িয়াখানার সার্বিক পরিবেশ ঘুরে দেখেন। পশুপাখিদের পরিচর্যা, স্বাস্থ্য সুরক্ষা, খাদ্য সরবরাহ ব্যবস্থা, নিরাপত্তা এবং দর্শনার্থীদের জন্য বিদ্যমান সুযোগ-সুবিধা সম্পর্কে বিস্তারিত খোঁজখবর নেন তিনি।
এ সময় তিনি বিভিন্ন স্থাপনা পরিদর্শন ও সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করেন। তিনি বলেছেন, জাতীয় চিড়িয়াখানা দেশের অন্যতম গুরুত্বপূর্ণ বিনোদন ও শিক্ষা কেন্দ্র। এখানে থাকা পশুপাখিদের জন্য নিরাপদ, স্বাস্থ্যসম্মত ও প্রাকৃতিক পরিবেশ নিশ্চিত করা যেমন জরুরি, তেমনি দর্শনার্থীদের জন্য আধুনিক ও মানসম্মত সেবা প্রদানও অত্যন্ত গুরুত্বপূর্ণ।
প্রতিমন্ত্রী আরও জানান, চিড়িয়াখানাকে আরও আধুনিক, পরিচ্ছন্ন এবং দর্শনার্থীবান্ধব করে গড়ে তুলতে হবে। পাশাপাশি প্রাণীদের জন্য নিরাপদ আবাসস্থল নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। তিনি জীববৈচিত্র্য সংরক্ষণ, প্রাণীকল্যাণ এবং দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিত করার ওপরও গুরুত্বারোপ করেন।
পরিদর্শনকালে প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক মো. শাহজামান খান, বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানার কিউরেটর ডা. মো. আতিকুর রহমানসহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।




