কামরাঙ্গীরচরে ভবনের নিচ থেকে যুবকের মরদেহ উদ্ধার

গ্রাফিকস: আগামীর সময়
রাজধানীর কামরাঙ্গীরচরে একটি পাঁচতলা ভবনের নিচ থেকে হৃদয় (২৬) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শনিবার রাত সাড়ে ৩টার দিকে মাতবর বাজারের ওয়ালটন বিল্ডিংয়ের পেছনে এ ঘটনা ঘটে।
আজ রবিবার সকাল ১০টার দিকে বিষয়টি নিশ্চিত করেন কামরাঙ্গীরচর থানার এসআই রাকিবুল ইসলাম।
তিনি জানান, রাত সাড়ে ৩টার দিকে খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। সেখানে একটি পাঁচতলা ভবনের নিচে ওই যুবকের মরদেহ পড়ে থাকতে দেখা যায়।
পুলিশ জানায়, ভবনটিতে ভাড়াটিয়ারা থাকেন। ভবনের মালিক অন্যত্র থাকেন বলে জানা গেছে। ভবনটির দুই পাশে টিনশেড বাড়ি রয়েছে। মাঝখানে ফাঁকা জায়গার মধ্যে ভবনটি অবস্থিত।
হৃদয়ের গ্রামের বাড়ি কিশোরগঞ্জের বাজিতপুরে। তিনি পরিবার নিয়ে কামরাঙ্গীরচর এলাকায় থাকতেন বলে জানা গেছে।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, পাঁচতলায় চুরি করতে গিয়ে লোকজনের উপস্থিতি টের পেয়ে হৃদয় নিচে লাফ দেন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
পরে খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে পাঠানো হয়েছে।
এসআই রাকিবুল ইসলাম বলেছেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, হৃদয় ওই ভবনে চুরি করতে গিয়েছিলেন। একপর্যায়ে ভবন থেকে পড়ে গিয়ে তার মৃত্যু হতে পারে।



