মেয়ের বাসায় বেড়াতে এসে ছাদ থেকে পড়ে বাবার মৃত্যু

গ্রাফিকস: আগামীর সময়
রাজধানীর লালবাগ থানার আজিমপুর এলাকায় মেয়ের বাসায় বেড়াতে এসে সাততলা ভবনের ছাদ থেকে পড়ে রাজ্জাক হোসেন (৬০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
আজ রবিবার দুপুর ২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
হাসপাতালে আসা স্বজন আরিফুল ইসলাম সিফাত জানালেন, রাজ্জাক হোসেন তার বড় ভাইয়ের শ্বশুর। আজ সকালে তিনি আজিমপুরে মেয়ের বাসায় বেড়াতে যান। দুপুরে ভবনের ছাদে ওঠার পর সেখান থেকে নিচে পড়ে যান। খবর পেয়ে স্বজনরা তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহতের মেয়ে রুম্পা ইসলাম বললেন, ‘বাবা দুপুরে ছাদে গিয়েছিলেন। অসাবধানতাবশত হয়তো সেখান থেকে নিচে পড়ে গেছেন।’
পরিবার সূত্র বলছে, রাজ্জাক হোসেন মোহাম্মদপুরের সূচনা ভবনের পাশের এলাকার বাসিন্দা ছিলেন। তিনি ফকির চানের ছেলে। এক ছেলে ও এক মেয়ের জনক রাজ্জাক হোসেন আগে ব্যবসা করলেও বর্তমানে কর্মহীন ছিলেন। পরিবারের দাবি, তিনি দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন।
ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. ফারুক জানালেন, মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ বিষয়ে সংশ্লিষ্ট থানাকে অবহিত করা হয়েছে।




