বিশ্ব ডাক দিবস ৯ অক্টোবর
স্মার্ট ডাকসেবায় রূপান্তরের পথে বাংলাদেশ

‘সমন্বিত ডাক নেটওয়ার্ক, সীমাহীন সম্ভাবনা’— এই প্রতিপাদ্যকে সামনে রেখে আগামী শুক্রবার দেশে পালিত হবে বিশ্ব ডাক দিবস। এ উপলক্ষে ৯ থেকে ১৫ অক্টোবর দেশব্যাপী ‘ডাকসেবা সপ্তাহ’ পালন করবে বাংলাদেশ ডাক বিভাগ। যার অংশ হিসেবে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে হবে চিঠি উৎসব, ফিলাটেলিক প্রদর্শনী ও ডাকসেবাবিষয়ক মেলা।
এ বছর বিশ্ব ডাক দিবস এমন সময়ে পালিত হচ্ছে, যখন বাংলাদেশ ডাক বিভাগ ঐতিহ্যবাহী ডাকসেবার পাশাপাশি আধুনিক, প্রযুক্তিনির্ভর ও জনবান্ধব ডাক ও লজিস্টিকস সেবা প্রতিষ্ঠানে রূপান্তরের পথে এগোচ্ছে। এজন্য বাস্তবায়ন করা হচ্ছে নানা কার্যক্রম। ই-কমার্স ও লজিস্টিকস সক্ষমতা বৃদ্ধি, ডিজিটাল ট্র্যাকিং ও ট্রেসিং, পোস্ট পিকআপ ও ডেলিভারি, ফুলফিলমেন্ট সেন্টার, কৃষিপণ্য ও মৌসুমি ফল পরিবহন এবং উদ্যোক্তাভিত্তিক ফ্র্যাঞ্চাইজি পোস্ট অফিস চালুর মাধ্যমে বাড়ানো হচ্ছে ডাকসেবার পরিধি।
ডাক বিভাগের তথ্য বলছে, মার্চ ২০২৬ থেকে এ পর্যন্ত স্পিড পোস্টের মাধ্যমে প্রায় ৮১১ টন পণ্য পরিবহন করা হয়েছে। দ্রুত ও সাশ্রয়ী পার্সেল সেবা হিসেবে স্পিড পোস্ট ই-কমার্স, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তা, কৃষক ও অনলাইন ব্যবসায়ীদের জন্য গুরুত্বপূর্ণ পরিবহন মাধ্যম হয়ে উঠছে। সরকারের নির্বাচনী অঙ্গীকার ও ঘোষিত ১৮০ দিনের কর্মপরিকল্পনার সঙ্গে সামঞ্জস্য রেখে ফ্র্যাঞ্চাইজি পোস্ট অফিস চালুর উদ্যোগের মাধ্যমে একদিকে স্থানীয় পর্যায়ে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হচ্ছে, অন্যদিকে ডাকসেবার নেটওয়ার্ক আরও বিস্তৃত হচ্ছে। আন্তর্জাতিক পার্সেল পরিবহনেও এগিয়েছে ডাক বিভাগ। ২০২৫-২৬ অর্থবছরের প্রথম তিন মাসে বিদেশগামী পার্সেল পরিবহনের পরিমাণ ছিল ২৪৩ টন। চলতি অর্থবছরের একই সময়ে তা বেড়ে ৩১৬ টনে দাঁড়িয়েছে। এ ছাড়া গত ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পোস্টাল ব্যালটের মাধ্যমে প্রবাসী ও দেশের ভেতরে ১৫ লাখ ৩৩ হাজার ৬৮৩ জনের ভোটাধিকার প্রয়োগ নিশ্চিত করতেও বড় ভূমিকায় ছিল ডাক বিভাগ।



