নাশকতা সামলাতে দিন যায় পুলিশের, অন্য সেবায় ভাটা
- রাজনৈতিক উত্তাপ ও শ্রমিক অসন্তোষে চাপে পুলিশ
- পুলিশের ব্যস্ততায় অপরাধীরা পেতে পারে সুযোগ
- নিরাপত্তাঝুঁকিতে শহর থেকে গ্রাম বাড়ছে উদ্বেগ

গ্রাফিকস: আগামীর সময়
ক্ষমতাচ্যুত হয়ে ভারতে আশ্রয় নেওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা কেন্দ্র করে উত্তপ্ত রাজনৈতিক অঙ্গন। গোপালগঞ্জসহ দেশের বিভিন্ন এলাকায় প্রতিদিনই ঘটছে অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের মতো ঘটনা। শিল্পাঞ্চলগুলোও অস্থির শ্রমিক অসন্তোষে। রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ স্থাপনা থেকে শুরু করে রাজনৈতিক কার্যালয়, সড়ক ও স্পর্শকাতর এলাকায় বাড়ানো হয়েছে নিরাপত্তা। পুলিশের বড় একটি অংশকে ব্যস্ত থাকতে হচ্ছে সেই দায়িত্বে। ফলে বিভিন্ন এলাকার দৈনন্দিন নানা অপরাধমূলক কাজে কমেছে পুলিশের নজর ও পদক্ষেপ। এতে সাধারণের মনে বাড়ছে উদ্বেগ। কোথাও অপরাধের শিকার হয়েও দ্রুত পুলিশের সহায়তা না পাওয়ার অভিযোগ, কোথাও নিয়মিত টহলের ঘাটতি নিয়ে উঠেছে প্রশ্ন।
সীমিত জনবল নিয়ে একসঙ্গে এতগুলো চ্যালেঞ্জ সামাল দিতে গিয়ে বাড়তি চাপের কথা শোনা গেল মাঠে থাকা পুলিশ সদস্যদের কণ্ঠেও।
অপরাধ বিশ্লেষকরা বলছেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জন্য রাজনৈতিক সংঘাত চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। জননিরাপত্তা নিয়ে সৃষ্টি হয়েছে উদ্বেগ। তাদের ভাষ্য, অপরাধ সংঘটনের পর ব্যবস্থা নেওয়ার মধ্যে পুলিশের কার্যক্রম সীমাবদ্ধ রাখলে চলবে না। অপরাধ প্রতিরোধে গোয়েন্দা তথ্য সংগ্রহ, প্রযুক্তিনির্ভর নজরদারি এবং কমিউনিটিভিত্তিক নিরাপত্তাব্যবস্থার ওপর জোর দিতে হবে। এতে অপরাধ সংঘটনের আগেই ঝুঁকি শনাক্ত করে কার্যকর ব্যবস্থা নেওয়া সম্ভব হবে। কারণ, সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করাই পুলিশের প্রথম ও প্রধান দায়িত্ব।
গাজীপুর মহানগরীর টঙ্গী এলাকার বাসিন্দা ইকবাল হোসেন জানালেন পুলিশের নিয়মিত সেবা না পাওয়ার কথা। তিনি বললেন, তার এক নিকটাত্মীয় একটি ঘটনায় তিন দিন আগে টঙ্গী পূর্ব থানায় সাধারণ ডায়েরি করেন। তবে পুলিশ নানা ব্যস্ততার কারণে তদন্ত যেতে পারেনি। ওই জিডির তদন্তকারী কর্মকর্তা জানালেন, শ্রমিক আন্দোলনের কারণে মহাসড়কে ব্যস্ত থাকতে হচ্ছে তাকে, তাই যেতে পারেননি তদন্তে। তার ভাষ্য, চুরি-ছিনতাই-মাদকসহ নানা অপরাধে জড়িত ব্যক্তিদের ধরতে অভিযানেও আপাতত খুব একটা জোর দিতে পারছেন না তারা।
ইকবাল হোসেনের মতো আরেক ভুক্তভোগী নারায়ণগঞ্জের রূপগঞ্জের রফিকুল ইসলাম (৫৫)। তিনি এক মাসের বেশি সময় ধরে থানায় অভিযোগ করে প্রশাসনের দ্বারে দ্বারে ঘুরছেন। ইউএনও পুলিশকে ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিলেও তার অভিযোগের কোনো অগ্রগতি হয়নি।
রূপগঞ্জ থানায় জমা দেওয়া অভিযোগে রফিকুল ইসলাম উল্লেখ করেন, চলতি বছরের ২১ অক্টোবর স্থানীয় তোরাব আলীর ছেলে মাহফুজুর রহমান খোরশেদ, আল আমিন ভূইয়া, মোজাম্মেলের ছেলে সৈয়দ রায়হান মোস্তাকসহ কয়েকজন তাকে পথ থেকে তুলে নিয়ে গোলাকান্দাইল প্রাইমারি স্কুলের পাশে নিয়ে মারধর করে। জোরপূর্বক ৯টি নন-জুডিশিয়াল খোলা স্ট্যাম্পে স্বাক্ষর রাখে। পাশাপাশি এটি নিয়ে বাড়াবাড়ি করলে তাকে ও তার পরিবারকে প্রাণনাশের হুমকি দেয়।
রফিকুলের অভিযোগের বিষয়ে রূপগঞ্জ থানার ওসি এ এইচ এম সালাউদ্দিন বলছিলেন, অভিযোগের ব্যাপারে তারা যতটুকু জেনেছেন তাতে বিষয় ছিল আর্থিক লেনদেন। দুই পক্ষ মীমাংসা করে ফেলবে বলেও জেনেছিলেন তিনি। তবে অভিযুক্ত ব্যক্তিরা আর্থিক লেনদেনের বিষয়টি অস্বীকার করছে জানালে ওসি বললেন, ‘আমি পুরো বিষয়টি ভালোভাবে দেখব।’ অবশ্য রফিকুল ইসলামের দাবি, ইউএনও অফিস থেকে বলে দেওয়ার পরও পুলিশ কোনো ব্যবস্থা নেয়নি। তারা অভিযোগের বিষয়ে ঠিকভাবে সময় দেননি।
রাজনৈতিক সহিংসতা নিয়ন্ত্রণে পুলিশের ব্যস্ততা সাধারণ অপরাধ দমনে প্রভাব ফেলতে পারে বলে মনে করেন সমাজ ও অপরাধ বিশেষজ্ঞ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শান্তি ও সংঘর্ষ অধ্যয়ন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. সাজ্জাদ সিদ্দিকী। তার মতে, রাজনৈতিক সংঘাত নিয়ন্ত্রণে পুলিশ অতিরিক্ত ব্যস্ত হয়ে পড়লে বাহিনীর জনবল, সময় ও প্রাতিষ্ঠানিক মনোযোগ বিভক্ত হয়ে যায়। এতে নিয়মিত টহল, অপরাধ প্রতিরোধ ও তদন্ত কার্যক্রম ব্যাহত হওয়ার আশঙ্কা সৃিষ্ট হয়। অতিরিক্ত দায়িত্ব পালনের কারণে পুলিশ সদস্যদের মধ্যে মানসিক চাপও বাড়তে পারে, যা সাধারণ অপরাধ নিয়ন্ত্রণে পুলিশের স্বাভাবিক সক্ষমতাকে দুর্বল করে দিতে পারে।
অপরাধ নিয়ন্ত্রণে পুলিশের কৌশলগত পরিবর্তনের প্রয়োজনীয়তা তুলে ধরে এই বিশেষজ্ঞ বললেন, বাহিনীতে পদায়ন ও পদোন্নতির ক্ষেত্রে রাজনৈতিক সংশ্লিষ্টতার পরিবর্তে যোগ্যতা, দক্ষতা ও পেশাদারিত্বকে প্রাধান্য দিতে হবে। এজন্য নির্দিষ্ট ও স্বচ্ছ যোগ্যতার মাপকাঠি থাকা জরুরি। নির্ধারিত মানদণ্ডে যোগ্য বিবেচিত ব্যক্তিদেরই গুরুত্বপূর্ণ পদে নিয়োগ ও পদোন্নতি নিশ্চিত করতে হবে। পাশাপাশি বাহিনীর অভ্যন্তরীণ সংস্কার, সদস্যদের মনোবল বৃদ্ধি এবং প্রয়োজনীয় লজিস্টিক সহায়তা নিশ্চিত করা প্রয়োজন।
শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণাকে কেন্দ্র করে গত ৮ তারিখ থেকে লাগাতার শুরু হয়েছে নাশকতামূলক কার্যক্রম। এ কদিনেই ঢাকা, গাজীপুর, চট্টগ্রামসহ ১১টি জেলায় ঘটেছে ককটেল বিস্ফোরণ ও বাসে অগ্নিকাণ্ডের মতো ঘটনা। রয়েছে প্রাণহানির খবরও। গোপালগঞ্জে চালানো হয়েছে পুলিশের ওপর হামলা, পুড়িয়ে দেওয়া হয় থানা ও গাড়ি। পুলিশ সদরের হিসাব বলছে, নভেম্বরের প্রথম ২৩ দিনে সারা দেশে ককটেল ও বোমা বিস্ফোরণ এবং পরিবহনে অগ্নিসংযোগের ২১৩টি ঘটনা ঘটেছে। এসব ঘটনায় একজন নিহত ও ১১ জন আহত হয়েছেন। এসব ঘটনায় ৬২টি মামলা ও ২৭টি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। গ্রেপ্তার করা হয়েছে ১০০ জনকে। পুলিশ সদর দপ্তরে অপারেশন্স শাখার ‘নিষিদ্ধ দলের অপতৎপরতা ও নাশকতা-সংক্রান্ত তথ্য’ শীর্ষক প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে। গত ১ থেকে ২৩ নভেম্বর পর্যন্ত সারা দেশের পরিস্থিতি নিয়ে প্রতিবেদনটি তৈরি করা হয়েছে।
পুলিশ সদর দপ্তরের তথ্য অনুযায়ী, এ সময়ে দেশের বিভিন্ন স্থানে ককটেল ও বোমা বিস্ফোরণের ১২১টি এবং পরিবহনে অগ্নিসংযোগের ৯৯টি ঘটনা ঘটেছে। নাশকতার পাশাপাশি নভেম্বরের প্রথম ২৩ দিনে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, কৃষক লীগ, যুবলীগ ও ছাত্রলীগের ৭২টি ঝটিকা মিছিলের ঘটনা ঘটেছে। এসব ঘটনায় ২২টি মামলা ও পাঁচটি সাধারণ ডায়েরি করা হয়েছে। গ্রেপ্তার করা হয়েছে ৬৬ জনকে।
পুলিশের স্থাপনায় হামলা, গাড়িতে অগ্নিসংযোগ এবং স্থাপনা ও গাড়ি লক্ষ্য করে ককটেল নিক্ষেপের ঘটনাও ঘটেছে। এসব ঘটনায় ২১ জন পুলিশ সদস্য আহত হয়েছেন। এ-সংক্রান্ত ঘটনায় একটি মামলা এবং গ্রেপ্তার করা হয়েছে চারজনকে। সাম্প্রতিক নাশকতায় হামলার লক্ষ্যবস্তু হয়ে উঠেছে গ্রামীণ ব্যাংকও। দেশের বিভিন্ন এলাকায় ব্যাংকটির স্থাপনায় ককটেল ও বোমা বিস্ফোরণ এবং অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। পুলিশ সদর দপ্তরের প্রতিবেদনে, গ্রামীণ ব্যাংকে নাশকতার মোট ৩৪টি ঘটনা উল্লেখ করা হয়েছে। এসব ঘটনায় হতাহতের কোনো তথ্য নেই। তবে আটটি মামলা ও ১৯টি সাধারণ ডায়েরি করা হয়েছে। গ্রেপ্তার করা হয়েছে আটজনকে।
পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) কামারুম মুনিরা বলছিলেন, পুলিশ মূলত জননিরাপত্তায়ই কাজ করে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ এরই মধ্যে সমন্বিত নিরাপত্তা পরিকল্পনা সাজিয়েছে। এর আওতায় আগাম গোয়েন্দা তথ্য সংগ্রহ, গুরুত্বপূর্ণ স্থানে নজরদারি বৃদ্ধি, নিয়মিত টহল জোরদার, প্রয়োজনীয় চেকপোস্ট স্থাপন এবং যেকোনো পরিস্থিতিতে দ্রুত সাড়া দেওয়ার ব্যবস্থা রাখা হয়েছে। পাশাপাশি ঝুঁকিপূর্ণ এলাকা ও গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে বিশেষ নজরদারি করা হচ্ছে।
তার ভাষ্য, কার্যক্রম নিষিদ্ধ কোনো রাজনৈতিক দল যাতে নাশকতা, সহিংসতা বা জননিরাপত্তা বিঘ্নিত করার অপচেষ্টা চালাতে না পারে, সে বিষয়ে পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থানে থাকবে। কেউ অরাজক পরিস্থিতি সৃষ্টি করে আইনশৃঙ্খলার অবনতি ঘটানোর চেষ্টা করলে তা কঠোরভাবে মোকাবিলা করা হবে।
তার দাবি, জননিরাপত্তা নিশ্চিত করা, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জনগণের জানমালের সুরক্ষা দেওয়াই পুলিশের মূল লক্ষ্য।



