মিসরে প্রবাসীদের ভোগান্তি কমাতে দূতাবাসের বিশেষ উদ্যোগ

কায়রোতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস
মিসরের শিল্পনগরী আল-আশার মিন রমাদান ও এর আশপাশের পোশাক কারখানায় কর্মরত প্রবাসী বাংলাদেশিদের দোরগোড়ায় কনস্যুলার সেবা পৌঁছে দিতে দুই দিনব্যাপী বিশেষ ক্যাম্প শুরু করেছে কায়রোতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস।
শুক্রবার (২৭ নভেম্বর) সকালে শহরটির বাংলাদেশি অধ্যুষিত এলাকায় ‘তুর্কি কোম্পানি, পুরাতন হাউজ প্লাজা-৬০’-এ দূতাবাসের কর্মকর্তা-কর্মচারীদের একটি দল পৌঁছালে বিভিন্ন কারখানায় কর্মরত প্রবাসী বাংলাদেশিরা তাঁদের ফুলেল শুভেচ্ছা জানান।
এই ক্যাম্পের মাধ্যমে আল-আশার মিন রমাদান ও আশপাশের এলাকার প্রবাসী বাংলাদেশিরা কায়রোতে দূতাবাসে যাওয়ার বাড়তি ভোগান্তি ছাড়াই কাছাকাছি স্থানে প্রয়োজনীয় সেবা পাচ্ছেন। ক্যাম্পে ই-পাসপোর্টের আবেদন গ্রহণ ও বিতরণ, ট্রাভেল পারমিট প্রদান, দূতাবাসের বিভিন্ন পত্র ইস্যু এবং নথিপত্র সত্যায়নসহ প্রয়োজনীয় কনস্যুলার সেবা দেওয়া হচ্ছে। পাশাপাশি প্রবাসীদের বিভিন্ন সমস্যা সমাধানে পরামর্শ ও সহযোগিতা দেওয়া হচ্ছে।
শুক্রবার সকাল ৯টা থেকে দুপুর সাড়ে ১২টা এবং দুপুর ২টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত ক্যাম্পে সেবা দেওয়া হয়েছে। শনিবার (২৮ নভেম্বর) সকাল সাড়ে ৯টা থেকে দুপুর সাড়ে ১২টা এবং দুপুর ২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত সেবা কার্যক্রম চলবে।
তিনি আরও বলেন, এ ধরনের ক্যাম্পের মাধ্যমে প্রবাসী কর্মীদের বিভিন্ন সমস্যা সম্পর্কে সরাসরি জানার সুযোগ তৈরি হয়। একই সঙ্গে প্রয়োজনীয় আইনি সহযোগিতা ও পরামর্শ দেওয়াও এ উদ্যোগের গুরুত্বপূর্ণ অংশ।
সংশ্লিষ্ট ব্যক্তিরা আশা করছেন, প্রবাসীদের ভোগান্তি কমানো এবং তাঁদের সঙ্গে দূতাবাসের সম্পর্ক আরও দৃঢ় করতে ভবিষ্যতেও মিসরের বিভিন্ন অঞ্চলে এ ধরনের সেবা কার্যক্রম অব্যাহত থাকবে।





