সমাজের অসমতা দূর করা রাষ্ট্রের দায়িত্ব : স্পিকার

সংগৃহীত ছবি
জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম বলেছেন, ‘সমাজের প্রতিটি স্তরের অসমতা দূর করা রাষ্ট্রের দায়িত্ব। দেশ ও সমাজের নানা স্তরের অসমতা দূর করতে কাজ করতে পারে অল পার্টি ককাস। এর মাধ্যমে উন্নয়নে পিছিয়ে পড়া ও প্রান্তিক জনগণের অবদানের আনুষ্ঠানিক স্বীকৃতি নিশ্চিত করা সম্ভব।’
আজ মঙ্গলবার জাতীয় সংসদে স্পিকারের কার্যালয়ে সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) ফেলো ড. দেবপ্রিয় ভট্টাচার্যের নেতৃত্বে একটি প্রতিনিধিদলের সঙ্গে সৌজন্য সাক্ষাতকালে এসব কথা বলেছেন তিনি।
সাক্ষাতকালে স্বচ্ছতা ও জবাবদিহির সঙ্গে সরকারের রাজনৈতিক প্রতিশ্রুতি বাস্তবায়নের মাধ্যমে দেশের সামগ্রিক উন্নয়ন ও পিছিয়ে পড়া অনগ্রসর এবং প্রান্তিক জনগোষ্ঠীকে এগিয়ে নিতে শান্তি, ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং টেকসই উন্নয়নের লক্ষ্যে শিক্ষা, স্বাস্থ্য ও নিরাপদ খাদ্যের অধিকার নিশ্চিতে ককাসের ভূমিকা নিয়ে মতবিনিময় করেন তারা।
এ সময় নাগরিক প্লাটফর্ম, বাংলাদেশের প্রতিনিধিদল স্পিকার পদে নির্বাচিত হওয়ায় হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমকে অভিনন্দন জানান এবং সম্প্রতি তার সহধর্মিণী দিলারা হাফিজের মৃত্যুতে গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
সাক্ষাতকালে উপস্থিত ছিলেন প্রতিনিধিদলের সদস্য এবং জাতীয় সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা।




