বাসভাড়া কত বাড়বে, জানা যাবে সন্ধ্যায়

ফাইল ছবি
জ্বালানি তেলের দাম লিটারপ্রতি এক লাফে ২০ টাকা বাড়ানোর পর বাসের ভাড়া পুনর্নির্ধারণে আজ সোমবার সন্ধ্যায় বৈঠকে বসছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)।
সংস্থাটির বনানী কার্যালয়ে অনুষ্ঠেয় এ বৈঠকে বাস মালিক-শ্রমিকসহ সংশ্লিষ্ট সব পক্ষের প্রতিনিধিরা অংশ নেবেন। জ্বালানি তেলের নতুন দামের সঙ্গে সামঞ্জস্য রেখে বাসের ভাড়া কতটা বাড়ানো হবে, মূলত সেটিই আলোচনায় আসবে।
পরিবহন মালিক সমিতির নেতা এবং বিআরটিএর কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা গেছে এসব তথ্য।
এর আগে গতকাল রোববার রাতে সরকার চার ধরনের জ্বালানি তেলের দাম লিটারপ্রতি ২০ টাকা করে বৃদ্ধির ঘোষণা দেয়। নতুন দরে প্রতি লিটার ডিজেল ১৩৫ টাকা, কেরোসিন ১৫৫, অকটেন ১৬৫ এবং পেট্রল ১৬০ টাকা নির্ধারণ করা হয়েছে। নতুন দাম আজ সোমবার থেকে কার্যকর হয়েছে।
এরই মধ্যে বাসসহ অধিকাংশ গণপরিবহনে ব্যবহৃত ডিজেলের দাম ১১৫ টাকা থেকে বেড়ে হয়েছে ১৩৫ টাকা। অর্থাৎ এক লিটার ডিজেলে পরিবহন খরচ সরাসরি ২০ টাকা বেড়েছে।
বিআরটিএ সূত্রে জানা গেছে, নতুন পরিস্থিতিতে বাসের পরিচালন ব্যয় ও জ্বালানি খরচ হিসাব করে ভাড়া সমন্বয়ের প্রস্তাব নিয়ে বৈঠকে আলোচনা হবে। দূরপাল্লা, মহানগর ও অন্যশ্রেণির বাসের ক্ষেত্রে পৃথক হিসাবও বিবেচনায় নেওয়া হতে পারে। তবে শেষ পর্যন্ত প্রতি কিলোমিটারে ভাড়া কত বাড়বে, তা বৈঠকের আলোচনা ও সংশ্লিষ্ট পক্ষগুলোর প্রস্তাবের পর নির্ধারণ হবে।
এদিকে জ্বালানি তেলের দাম বাড়ার সঙ্গে বাসের ভাড়া সমন্বয়ের সর্বশেষ নজির চলতি বছরের এপ্রিলের। তখন সরকার ডিজেলের দাম লিটারপ্রতি ১৫ টাকা বাড়িয়ে ১১৫ টাকা করেছিল। একই সময়ে অকটেন ২০ টাকা, পেট্রল ১৯ টাকা এবং কেরোসিন ১৮ টাকা বাড়ানো হয়। এরপর বিআরটিএর ভাড়া নির্ধারণ-সংক্রান্ত কমিটি সংশ্লিষ্ট পক্ষগুলোর সঙ্গে বৈঠক করে বাসের ভাড়া বাড়ানোর সুপারিশ করে।
এর পর ২৩ এপ্রিল জারি করা প্রজ্ঞাপনে দূরপাল্লার বাসের ভাড়া কিলোমিটারপ্রতি ২ টাকা ১২ পয়সা থেকে বাড়িয়ে ২ টাকা ২৩ পয়সা করা হয়। ঢাকা ও চট্টগ্রাম মহানগরের বাসের ভাড়া ২ টাকা ৪২ পয়সা থেকে বাড়িয়ে ২ টাকা ৫৩ পয়সা এবং ডিটিসিএ এলাকার মিনিবাসের ভাড়া ২ টাকা ৩২ পয়সা থেকে বাড়িয়ে ২ টাকা ৪৩ পয়সা করা হয়। অর্থাৎ দূরপাল্লা ও মহানগরের বাসে কিলোমিটারপ্রতি ১১ পয়সা করে ভাড়া বেড়েছিল।
তবে জ্বালানি তেলের দাম বাড়ার সঙ্গে সঙ্গে প্রতিবারই বাসের ভাড়া বাড়েনি। ২০২২ সালের আগস্টে ডিজেলের দাম লিটারপ্রতি ৮০ টাকা থেকে এক লাফে ১১৪ টাকা করা হলে দূরপাল্লার বাসের ভাড়া কিলোমিটারে ৪০ পয়সা এবং মহানগরের বাসে ৩৫ পয়সা বাড়ানো হয়েছিল। পরে ডিজেলের দাম ৫ টাকা কমানো হলে ওই বছরের ৩১ আগস্ট দূরপাল্লার বাসের ভাড়া ২ টাকা ২০ পয়সা থেকে কমিয়ে ২ টাকা ১৫ পয়সা এবং ঢাকা ও চট্টগ্রাম মহানগরে ২ টাকা ৫০ পয়সা থেকে কমিয়ে ২ টাকা ৪৫ পয়সা করা হয়।
এরপর ২০২৪ সালের এপ্রিলেও ডিজেলের দাম লিটারপ্রতি ৩ টাকা কমানো হলে বিআরটিএ দূরপাল্লা ও মহানগরের ডিজেলচালিত বাসের ভাড়া কিলোমিটারপ্রতি ৩ পয়সা কমানোর সুপারিশ করেছিল।
এবার অবশ্য পরিস্থিতি ভিন্ন। আগের এপ্রিলের তুলনায় ডিজেলের দাম আরও ২০ টাকা বাড়ানো হয়েছে। ফলে বাস মালিকদের পক্ষ থেকে পরিচালন ব্যয় বৃদ্ধির বিষয়টি তুলে ধরে নতুন ভাড়া নির্ধারণের দাবি আসতে পারে। অন্যদিকে যাত্রীদের ওপর অতিরিক্ত ভাড়ার চাপ কতটা পড়বে, সেটিও আলোচনায় গুরুত্ব পাবে।
বিআরটিএর আজকের বৈঠকেই তাই মূলত নির্ধারিত হবে— নতুন জ্বালানি মূল্যের পর বাসের ভাড়া প্রতি কিলোমিটারে কতটা বাড়বে। বৈঠকের সুপারিশের পরই চূড়ান্ত ভাড়া নির্ধারণের পরবর্তী প্রক্রিয়া শুরু হবে।




