সুস্থ ও দায়িত্বশীল প্রজন্ম গড়তে খেলাধুলার বিকল্প নেই : চিফ হুইপ

ছবি: আগামীর সময়
জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি বলেছেন, সুস্থ দেহ ও সুস্থ মনের জন্য খেলাধুলা অপরিহার্য। খেলাধুলা তরুণদের মধ্যে শৃঙ্খলা, নেতৃত্ব ও দেশপ্রেমের বিকাশ ঘটায়। সুস্থ, সচেতন ও দায়িত্বশীল প্রজন্ম গড়ে তুলতে ক্রীড়াচর্চার কোনো বিকল্প নেই।
আজ শুক্রবার রাজধানীর মিরপুরে শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে ‘ক্লাব কাপ ওপেন তায়কোয়ানডো চ্যাম্পিয়নশিপ ২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
মোহাম্মদপুর তায়কোয়ানডো ক্লাব ও বাংলাদেশ তায়কোয়ানডো ফেডারেশন আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখছিলেন তিনি।
চিফ হুইপ বললেন, বাংলাদেশের তরুণ-তরুণীরা খেলাধুলায় প্রতিভাবান। ক্রীড়াক্ষেত্রকে এগিয়ে নিতে তরুণদের আরও উৎসাহিত ও সম্পৃক্ত করতে হবে। খেলাধুলার মাধ্যমে তাদের শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি দায়িত্বশীলতা ও পারস্পরিক শ্রদ্ধাবোধ গড়ে ওঠে।
তিনি আরও যোগ করেন, তরুণদের ইতিবাচক ও সৃজনশীল কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে খেলাধুলা ও সাংস্কৃতিক কার্যক্রমের প্রসার জরুরি। এ ধরনের আয়োজন তরুণ খেলোয়াড়দের প্রতিভা বিকাশ এবং জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের সুনাম বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
চিফ হুইপ অংশগ্রহণকারী খেলোয়াড়দের সাফল্য কামনা করেন এবং এ আয়োজনের সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান।
বাংলাদেশ তায়কোয়ানডো ফেডারেশনের সদস্য শায়রুল কবির খানের সভাপতিত্বে অনুষ্ঠানে আনিসুর রহমান এমপিসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতারা, খেলোয়াড়, ক্রীড়া সংগঠক, আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।




