পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে আলজেরিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ

সংগৃহীত ছবি
পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত আলজেরিয়ার রাষ্ট্রদূত আবদেলওয়াহাব সাইদানি। আজ রবিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে তাদের এই সাক্ষাত অনুষ্ঠিত হয়।
রাষ্ট্রদূত পররাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব গ্রহণের জন্য তাকে অভিনন্দন জানান এবং উভয় পক্ষ বাংলাদেশ ও আলজেরিয়ার মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করার বিষয়ে আলোচনা করেন।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাংলাদেশ ও আলজেরিয়ার মধ্যে দীর্ঘদিনের বন্ধুত্ব ও ক্রমবর্ধমান সহযোগিতার বিষয়টি পুনর্ব্যক্ত করেন। তিনি বাংলাদেশের দীর্ঘমেয়াদী জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে জ্বালানি খাতে সহযোগিতা বৃদ্ধির জন্য রাষ্ট্রদূতের প্রতি আহ্বান জানান।
উভয় পক্ষ বাণিজ্য, বিনিয়োগ, ওষুধ শিল্প, কৃষি, জাহাজ নির্মাণ এবং জনগণের মধ্যে যোগাযোগসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা জোরদার করার উপায় নিয়েও আলোচনা করেন। বাংলাদেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে সার খাতে সহযোগিতার গুরুত্বের ওপর পররাষ্ট্র প্রতিমন্ত্রী বিশেষ জোর দেন।
তিনি জনগণের মধ্যে যোগাযোগ বৃদ্ধি এবং দুই ভ্রাতৃপ্রতিম দেশের মধ্যকার অংশীদারিত্ব আরও গভীর করার লক্ষ্যে উচ্চপর্যায়ের সফরের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন।
রাষ্ট্রদূত দুই দেশের বিদ্যমান সম্পর্ককে আরও সুদৃঢ় করতে জ্বালানি, ওষুধ, সার, জাহাজ নির্মাণ, সামুদ্রিক নৌ-চলাচল এবং উচ্চপর্যায়ের সফর বিনিময়ের ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধির বিষয়ে ইতিবাচক সাড়া দেন।




