শামা ওবায়েদ
শেখ হাসিনা যেখানেই আত্মসমর্পণ করুক জেলে যেতেই হবে

শামা ওবায়েদ ইসলাম- ভিডিও থেকে
দণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিদেশে বাংলাদেশের মিশনে আত্মসমর্পণ করুক বা দেশে এসে আত্মসমর্পণ করুক জেলে যেতে হবে। একজন আসামি কোথায় আত্মসমর্পণ করবেন এটি একান্তই তার ব্যাপার বলে মন্তব্য পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদের।
আজ সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেছেন, সরকারের পক্ষ থেকে এর মধ্যে প্রক্রিয়া শুরু হয়েছে। বিদেশি রাষ্ট্রগুলোর সঙ্গে আমাদের যে পররাষ্ট্রনীতি সে অনুযায়ী কূটনৈতিক প্রচেষ্টা চলছে। কোনো আসামি যদি আত্মসমর্পণ করে তবে বাংলাদেশের আইনের অনুযায়ী যা প্রযোজ্য সেটাই হবে।
শেখ হাসিনা দেশে ফিরলে আইনি প্রক্রিয়া কী হবে জানতে চাইলে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেছেন, শেখ হাসিনা বাংলাদেশে ফিরলে আইন অনুযায়ী আত্মসমর্পণ করতে হবে। ওনাকে জেলে যেতে হবে। তার যে সাজা সেটার মুখোমুখি হতে হবে। উনি কী ভারতের নাগরিক? তাহলে ওখানে কী করবে না করবে ওনার ব্যাপার। সেটা আমার ব্যাপার না। একজন আসামি কোথায় আত্মসমর্পণ করবেন তা একান্তই তার ব্যাপার। এটা সরকারের কোনো বিষয় না।
‘আইন আইনের গতিতে চলবে। আসামি যদি আত্মসমর্পণ না করে রাজনৈতিক বক্তব্য দেয়, তাহলে আমি মনে করি, এসব উসকানিমূলক বক্তব্য দিয়ে তার দলের পালিয়ে থাকা নেতাকর্মীদের জাগ্রত করার চেষ্টা করছে। এ ছাড়া তো আমি আর কোনো কারণ দেখি না,’ যোগ করেন শামা ওবায়েদ।
আরেক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বললেন, একজন আসামি কী বক্তব্য দেয়, সেটা বাংলাদেশ সরকারের আমলে নেওয়ার কথা না। বাংলাদেশের আইন অনুযায়ী তিনি সাজাপ্রাপ্ত। আমাদের যে প্রক্রিয়া সেটা আগে থেকে চলমান। নতুন প্রক্রিয়ায় চলার কোনো অবস্থা নেই।
অন্তর্বর্তী সরকারের সময় শেখ হাসিনার ভারতে বসে দেওয়া বক্তব্যের প্রতিবাদ জানানো হতো। বর্তমান সরকার এ বিষয়ে ভারতকে বলবে কি না, এমন প্রশ্নের জবাবে শামা ওবায়েদ জানালেন, সবকিছু বিবৃতি দিয়ে বলার কিছু নেই। ভারতের সঙ্গে আমাদের যে চলমান কথাবার্তা হয়, তখন এ বিষয় আলোচনায় থাকে। একজন আসামি যদি দেশের বাইরে থাকে সে আত্মসমর্পণ করুক বা না করুক তার জন্য বিচার একই হবে। আমাদের যে প্রক্রিয়া সরকার থেকে চলছে সেটা বহাল আছে।





