Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
বিদেশে থেকেও দেশে হাত খুলে দান
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় জাতীয়

শুল্কের খেলা, নাকি বাণিজ্যের ফাঁদ? ট্রাম্পের নতুন চালে বাংলাদেশের অবস্থান কী

রাকিব হাসান
রাকিব হাসান
agamir somoy
প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৬, ১৭:১৩
শেয়ার করুন:
শুল্কের খেলা, নাকি বাণিজ্যের ফাঁদ? ট্রাম্পের নতুন চালে বাংলাদেশের অবস্থান কী

ফাইল ছবি

ট্রাম্পের হাতে শুল্ক যেন এক জাদুর কাঠি। যখনই কোনো দেশের সঙ্গে দর-কষাকষিতে বসছেন, তখনই সামনে আসছে শুল্কের হুমকি। কখনো ১০ শতাংশ, কখনো ২০, আবার কখনো ৪০ শতাংশ। আলোচনার টেবিলে বসার আগেই যেন বিল ধরিয়ে দিচ্ছেন তিনি।

কিন্তু এটি কি শুধুই দর-কষাকষির কৌশল? নাকি সত্যিই যুক্তরাষ্ট্রের অর্থনীতি রক্ষায় দীর্ঘমেয়াদি বাণিজ্যযুদ্ধের প্রস্তুতি?

সর্বশেষ ২৫ নভেম্বর আবারও শুল্কের ঘোষণা দিয়েছে ট্রাম্প প্রশাসন। এবার লক্ষ্য ১৪টি অর্থনীতির দেশ। তালিকায় রয়েছে বাংলাদেশ, চীন, ভারত, জাপান, ভিয়েতনাম, ইউরোপীয় ইউনিয়নসহ গুরুত্বপূর্ণ বাণিজ্যিক অংশীদাররা।
আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্স বলছে, যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি দপ্তর বা ইউএসটিআর বাংলাদেশের পণ্যের ওপর সর্বোচ্চ ১৮ শতাংশ পর্যন্ত অতিরিক্ত শুল্ক আরোপের প্রস্তাব করেছে। তবে এটি এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নয়। প্রস্তাবটি জনমত ও শুনানির জন্য উন্মুক্ত করা হয়েছে।

ইউএসটিআরের নথি অনুযায়ী, চলমান আলোচনা ও বাংলাদেশের সঙ্গে সম্পাদিত বাণিজ্যচুক্তির প্রতিশ্রুতি বিবেচনায় নেওয়া হয়েছে। আলোচনা সন্তোষজনক না হলে সর্বোচ্চ ২০ শতাংশ পর্যন্ত শুল্কের বিকল্প প্রস্তাবও রয়েছে। অর্থাৎ, ১৮ শতাংশের প্রস্তাবটিই শেষ কথা নয়।

শুল্ক কি সত্যিই বাণিজ্যনীতি, নাকি দর-কষাকষির অস্ত্র?

ট্রাম্পের শুল্কনীতির দিকে তাকালে একটি বিষয় স্পষ্ট। শুল্ক তার কাছে শুধু রাজস্ব আদায়ের উপায় নয়। এটি রাজনৈতিক চাপ তৈরির অস্ত্রও।

যুক্তরাষ্ট্রের বাজার বিশ্বের অন্যতম বড় ভোক্তা বাজার। এই বাজারে প্রবেশের সুযোগ হারানোর ভয় দেখিয়ে অন্য দেশগুলোকে বিভিন্ন বাণিজ্যিক ছাড় দিতে চান ট্রাম্প। যুক্তরাষ্ট্রের কৃষিপণ্য কেনা, মার্কিন বিনিয়োগ বাড়ানো, উৎপাদন কারখানা স্থাপন কিংবা বাজার উন্মুক্ত করা— সবকিছুই উঠে আসছে আলোচনায়।

রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, শুল্ক ট্রাম্পের কাছে শুধু অর্থনৈতিক নীতি নয়, বিদেশি সরকারের কাছ থেকে ছাড় আদায়, যুক্তরাষ্ট্রে উৎপাদন ফেরানো এবং রাজনৈতিক সমর্থন ধরে রাখার হাতিয়ারও। অর্থাৎ, শুল্কের ভয় দেখিয়ে আলোচনার টেবিলে নিজের অবস্থান শক্ত করতে চান তিনি। এমনকি শুল্কের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের ভেতরে অসন্তোষ থাকলেও ট্রাম্প পিছু হটার লক্ষণ দেখাচ্ছেন না।


আরও পড়ুন

ফের ট্রাম্পের শুল্কের নিশানায় বাংলাদেশসহ ১৬ দেশ

২৫ নভেম্বর ২০২৬

এবারের নতুন প্রস্তাবের পেছনে অবশ্য একটি আনুষ্ঠানিক যুক্তি রয়েছে। যুক্তরাষ্ট্রের অভিযোগ, বিভিন্ন দেশ সরকারি ভর্তুকি, কর সুবিধা, সহজ ঋণ ও অন্যান্য সহায়তার মাধ্যমে অতিরিক্ত শিল্প উৎপাদন করছে। ফলে বিশ্ববাজারে পণ্যের সরবরাহ বাড়ছে। কম দামে পণ্য বিক্রি করে এসব দেশ মার্কিন উৎপাদকদের প্রতিযোগিতায় পিছিয়ে দিচ্ছে। এই অভিযোগের ভিত্তিতে ১৯৭৪ সালের বাণিজ্য আইনের ধারা ৩০১ ব্যবহার করছে যুক্তরাষ্ট্র।



যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি জামিসন গ্রিয়ার বলেছেন, দীর্ঘদিন ধরে বিভিন্ন দেশের শিল্পনীতি, শ্রমনীতি ও সরকারি সহায়তা মার্কিন উৎপাদন খাতকে ক্ষতিগ্রস্ত করছে। তার ভাষায়, এসব অন্যায্য নীতি দূর করে মার্কিন শ্রমিকদের জন্য সমান প্রতিযোগিতার ক্ষেত্র তৈরি করাই তাদের লক্ষ্য।

গ্রিয়ারের বক্তব্যে আরও একটি বিষয় পরিষ্কার। ট্রাম্প প্রশাসন শুল্ক আরোপ এবং বাণিজ্যচুক্তি— দুটিকেই একই কৌশলের অংশ হিসেবে দেখছে।

এখানেই ট্রাম্পের কৌশলটি পরিষ্কার। প্রথমে চাপ সৃষ্টি, তারপর আলোচনায় বসা, এরপর শর্ত অনুযায়ী ছাড় দেওয়া। এক কথায়, শুল্কের হুমকি দিয়ে দর-কষাকষির টেবিলে সুবিধাজনক অবস্থান তৈরি করা।
তবে সব শুল্কই যে শেষ পর্যন্ত প্রত্যাহার হবে, এমন ভাবারও সুযোগ নেই। যুক্তরাষ্ট্রের শিল্প রক্ষার নামে সুরক্ষাবাদী নীতি এখন দেশটির রাজনীতিতেও শক্ত অবস্থান তৈরি করেছে।

এক শুল্ক যায়, আরেক শুল্ক আসে!

ট্রাম্পের শুল্কনীতির সবচেয়ে নাটকীয় দিক হলো এর আইনি ও রাজনৈতিক পরিবর্তন। ২০২৫ সালের এপ্রিলে তথাকথিত ‘রেসিপ্রোকাল ট্যারিফ’ বা পাল্টা শুল্ক ঘোষণা করে বিশ্ববাজারে হইচই ফেলেছিলেন ট্রাম্প। তখন বাংলাদেশের ওপর ৩৭ শতাংশ শুল্কের ঘোষণা এসেছিল। হঠাৎ এমন ঘোষণায় বাংলাদেশের পোশাকশিল্পে আতঙ্ক ছড়িয়ে পড়ে তখন।

রয়টার্সের ওই সময়ের প্রতিবেদনে তৈরি পোশাক রপ্তানিকারক শাহিদুল্লাহ আজিমের উদ্বেগের কথা উঠে আসে। তিনি বলেছিলেন, এমন বড় শুল্কের ধাক্কা তারা আশা করেননি। তার ভাষায়, এটি ব্যবসা এবং হাজারো শ্রমিকের জন্য ভয়াবহ পরিস্থিতি তৈরি করতে পারে।

রয়টার্সের ওই প্রতিবেদনে আরও বলা হয়, বাংলাদেশের তৈরি পোশাক খাত তখন দেশের মোট রপ্তানি আয়ের ৮০ শতাংশের বেশি জোগান দিত এবং প্রায় ৪০ লাখ মানুষের কর্মসংস্থানের সঙ্গে যুক্ত ছিল। পরে দর-কষাকষির মাধ্যমে আগস্টে বাংলাদেশের জন্য শুল্কের হার ২০ শতাংশে নামিয়ে আনা হয়। এতে কিছুটা স্বস্তি ফেরে রপ্তানিকারকদের মধ্যে।

গত বছরের আগস্টে রয়টার্সের আরেকটি প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশের ওপর প্রস্তাবিত ৩৭ শতাংশ শুল্ক কমিয়ে ২০ শতাংশে আনা হয়েছে। বাংলাদেশের পাশাপাশি পাকিস্তান ও ভারতের মতো প্রতিযোগী দেশগুলোর শুল্কহারও তখন আলোচনার গুরুত্বপূর্ণ বিষয় হয়ে ওঠে। কিন্তু গল্প সেখানেই শেষ হয়নি।

২০২৬ সালের ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট রায় দেয়, আন্তর্জাতিক জরুরি অর্থনৈতিক ক্ষমতা আইন বা আইইইপিএ ব্যবহার করে প্রেসিডেন্টের ওই ব্যাপক শুল্ক আরোপের ক্ষমতা নেই। ফলে আগের শুল্কব্যবস্থায় বড় আইনি ধাক্কা আসে। এরপর ট্রাম্প প্রশাসন নতুন আইনি পথ খুঁজতে থাকে। এবার ধারা ৩০১-এর অধীনে তদন্ত ও শুল্ক প্রস্তাব সামনে এসেছে। অর্থাৎ, শুল্কের দরজা একবার বন্ধ হলেও অন্য দরজা দিয়ে আবার প্রবেশের চেষ্টা চলছে।

এ কারণেই প্রশ্নটি এখন শুধু শুল্কের হার নিয়ে নয়। বরং যুক্তরাষ্ট্রের বাণিজ্যনীতি কতটা স্থায়ীভাবে বদলে যাচ্ছে, সেটিই বড় আলোচনার বিষয়।

আগের শুল্কে বাংলাদেশের কী হয়েছিল

আগের শুল্কের অভিজ্ঞতা বাংলাদেশের জন্য খুব একটা সুখকর ছিল না। আবার সব হিসাবও নেতিবাচক নয়। ২০২৫ সালের আগস্টে নতুন শুল্ক কার্যকর হওয়ার পর মার্কিন ক্রেতাদের সঙ্গে বাংলাদেশি রপ্তানিকারকদের দর-কষাকষি শুরু হয়। যুক্তরাষ্ট্রের আমদানিকারকদের ওপর শুল্ক পরিশোধের দায়িত্ব থাকলেও বাস্তবে তারা সেই ব্যয়ের একটি অংশ সরবরাহকারীদের ওপর চাপাতে থাকেন। কিছু মার্কিন ক্রেতা বাড়তি শুল্কের ৫ থেকে ৭ শতাংশ পর্যন্ত খরচ বাংলাদেশি সরবরাহকারীদের ওপর চাপানোর চেষ্টা করেছিলেন। কেউ কেউ পুরো বাড়তি ব্যয়ই কারখানার ওপর চাপাতে চান তখন।

স্প্যারো গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক শোভন ইসলাম সংবাদমাধ্যমকে বলেছিলেন, মার্কিন ক্রেতারা তার প্রতিষ্ঠানের কাছে নতুন শুল্কের এক-চতুর্থাংশ বহনের দাবি করেছিলেন। অর্ডার ধরে রাখতে বাধ্য হয়েই তারা সেই শর্তে রাজি হন। অন্যদিকে, চট্টগ্রামের এইচকেসি অ্যাপারেলসের ব্যবস্থাপনা পরিচালক রাকিবুল আলম চৌধুরী বাড়তি খরচ বহনে রাজি না হওয়ায় বেশ কিছু অর্ডার অনিশ্চয়তায় পড়ে বলে জানিয়েছিলেন। অর্থাৎ, শুল্ক যুক্তরাষ্ট্রের সীমান্তে আরোপ হলেও তার ধাক্কা এসে পড়েছে বাংলাদেশের কারখানায়।

এর প্রভাব পরবর্তী রপ্তানি পরিসংখ্যানেও দেখা গেছে। দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের গত ৬ সেপ্টেম্বরের প্রতিবেদনে যুক্তরাষ্ট্রের অফিস অব টেক্সটাইলস অ্যান্ড অ্যাপারেল-এর তথ্য উদ্ধৃত করে বলা হয়, ২০২৬ সালের জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত যুক্তরাষ্ট্রে বাংলাদেশের পোশাক রপ্তানির মূল্য আগের বছরের একই সময়ের তুলনায় ৬ দশমিক ৫০ শতাংশ কমেছে। রপ্তানির পরিমাণ কমেছে ৪ দশমিক ৩৪ শতাংশ। একই সময়ে পণ্যের গড় একক মূল্য কমেছে ২ দশমিক ২৬ শতাংশ।

শোভন ইসলাম সংবাদমাধ্যমটিকে বলেছেন, রপ্তানিকারকদের বাড়তি শুল্কের একটি অংশ বহন করতে হয়েছে। ফলে অর্ডার ধরে রাখতে পণ্যের দাম কমাতে হয়েছে। এতে পণ্যের একক মূল্যও কমেছে।

বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ হাতেমও পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তার বক্তব্য, উৎপাদন ব্যয় বাড়ছে, অথচ পণ্যের দাম কমছে। ব্যবসা টিকিয়ে রাখতে কিছু উদ্যোক্তা লোকসানেও অর্ডার নিচ্ছেন।

তবে এখানে একটি বিষয় মনে রাখা জরুরি। রপ্তানি কমার পেছনে শুধু শুল্কই দায়ী নয়। আন্তর্জাতিক চাহিদা, মার্কিন বাজারের সামগ্রিক সংকোচন, ক্রেতাদের মজুত, উৎপাদন ব্যয় এবং প্রতিযোগী দেশের অবস্থানও প্রভাব ফেলেছে। কিন্তু শুল্কের চাপ যে পরিস্থিতিকে কঠিন করেছে, তা অস্বীকার করার সুযোগ নেই।

এবার বাংলাদেশের সামনে নতুন বিপদ কতটা

নতুন প্রস্তাবে বাংলাদেশের পণ্যের ওপর সর্বোচ্চ ১৮ শতাংশ শুল্কের কথা বলা হয়েছে। তবে এটি আগের সব শুল্কের সঙ্গে সরাসরি যোগ হবে, এমন নয়। ইউএসটিআরের নথিতে বলা হয়েছে, বিদ্যমান ধারা ৩০১ শুল্ক বিবেচনায় নিয়ে এই হার নির্ধারণ করা হবে। কিছু পণ্যের জন্য ছাড়ও রাখা হয়েছে।

আরও গুরুত্বপূর্ণ বিষয় হলো, বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে ২০২৬ সালের ৯ ফেব্রুয়ারি একটি পারস্পরিক বাণিজ্যচুক্তি স্বাক্ষরিত হয়েছে। ইউএসটিআর নতুন প্রস্তাবের ক্ষেত্রে ওই চুক্তির কিছু প্রতিশ্রুতিও বিবেচনায় নিয়েছে। ফলে বাংলাদেশের সঙ্গে চলমান আলোচনা কতটা সন্তোষজনক হয়, তার ওপর চূড়ান্ত শুল্কের হার নির্ভর করতে পারে।

তবে ঝুঁকি থেকেই যাচ্ছে। বাংলাদেশের রপ্তানি আয়ের বড় অংশ আসে তৈরি পোশাক খাত থেকে। এই খাতে প্রায় ৪০ লাখ মানুষের কর্মসংস্থান রয়েছে। ফলে মার্কিন বাজারে অর্ডার কমে গেলে তার প্রভাব শুধু কারখানার মালিকের মুনাফায় সীমাবদ্ধ থাকবে না। শ্রমিকের চাকরি, মজুরি, নতুন বিনিয়োগ এবং বৈদেশিক মুদ্রা আয়েও চাপ তৈরি হতে পারে।

মার্কিন ক্রেতারা বাড়তি শুল্কের পুরোটা নিজেরা বহন করবেন, এমন নিশ্চয়তা এবারও দেওয়া যাচ্ছে না। তারা বাংলাদেশি রপ্তানিকারকদের দাম কমাতে বলতে পারেন। আবার অর্ডার অন্য দেশে সরিয়েও নিতে পারেন। এতে ছোট ও মাঝারি কারখানাগুলো বেশি চাপে পড়তে পারে। বড় কারখানার তুলনায় তাদের দর-কষাকষির ক্ষমতাও কম।

চীনের বিপদে বাংলাদেশের লাভ!

চীনের ওপর যুক্তরাষ্ট্রের শুল্কের চাপ বাড়লে মার্কিন ক্রেতারা বিকল্প উৎপাদনকেন্দ্র খুঁজবেন। বাংলাদেশ সেই সুযোগ কাজে লাগাতে পারে। বিশেষ করে তৈরি পোশাক, হোম টেক্সটাইল, চামড়াজাত পণ্য ও হালকা প্রকৌশল খাতে নতুন অর্ডার পাওয়ার সম্ভাবনা রয়েছে।

তবে সমস্যা হলো, বাংলাদেশ একা প্রতিযোগিতায় নেই। ভিয়েতনাম, ভারত, কম্বোডিয়া, ইন্দোনেশিয়া ও পাকিস্তানও একই বাজারের দিকে তাকিয়ে আছে।

রয়টার্সের গত বছরের এক বিশ্লেষণে হয়েছিল, বাংলাদেশের ওপর বেশি শুল্ক আরোপ হলে ভারত তুলনামূলক সুবিধা পেতে পারে। কারণ তখন প্রতিযোগী দেশের শুল্কহার বাংলাদেশের তুলনায় কম ছিল। এবারও প্রতিযোগী দেশগুলোর শুল্কহার ও বাণিজ্যচুক্তির শর্ত বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। তাই শুধু কম শুল্ক পেলেই হবে না। দ্রুত পণ্য সরবরাহ, উৎপাদন সক্ষমতা, মান নিয়ন্ত্রণ, শ্রমমান এবং রাজনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করতে হবে। মার্কিন ক্রেতারা শেষ পর্যন্ত কোথা থেকে পণ্য কিনবেন, সেই সিদ্ধান্তে শুল্কের পাশাপাশি এসব বিষয়ও গুরুত্ব পাবে।

বিশ্ব অর্থনীতিতে কী ঘটতে পারে

ট্রাম্পের শুল্কনীতি শুধু যুক্তরাষ্ট্র ও তার বাণিজ্যিক অংশীদারদের মধ্যে সীমাবদ্ধ নেই। এর প্রভাব ছড়িয়ে পড়ছে পুরো বিশ্ব অর্থনীতিতে। শুল্ক বাড়লে আমদানি করা পণ্যের দাম বাড়তে পারে। যুক্তরাষ্ট্রের আমদানিকারকরা সেই বাড়তি ব্যয়ের একটি অংশ ভোক্তাদের ওপর চাপাতে পারেন। এতে মূল্যস্ফীতির ঝুঁকি তৈরি হয়।

অন্যদিকে, চীন বা অন্য দেশগুলো পাল্টা ব্যবস্থা নিলে বাণিজ্যযুদ্ধ আরও তীব্র হতে পারে। আন্তর্জাতিক সরবরাহব্যবস্থা নতুন করে সাজাতে হবে। অনেক প্রতিষ্ঠান উৎপাদনকেন্দ্র বদলানোর কথা ভাববে।

ট্রাম্পের নতুন শুল্ক প্রস্তাব বাজারে কিছুটা অস্থিরতা তৈরি করেছে। তবে যুক্তরাষ্ট্রে শিল্পের অতিরিক্ত উৎপাদনক্ষমতা নিয়ে উদ্বেগ শুধু রিপাবলিকানদের মধ্যে সীমাবদ্ধ নয়। ডেমোক্র্যাটদের মধ্যেও এ বিষয়ে সমর্থন রয়েছে।
অর্থাৎ, ট্রাম্পের শুল্কনীতি নিয়ে রাজনৈতিক বিরোধ থাকলেও যুক্তরাষ্ট্রের শিল্প সুরক্ষার প্রশ্নে দুই দলের মধ্যে কিছুটা ঐকমত্য রয়েছে। ফলে ট্রাম্পের পরও এই নীতির কিছু অংশ টিকে যেতে পারে।

তাহলে শুল্ক কি স্থায়ী হবে

এ প্রশ্নের সরাসরি উত্তর—শুল্কের হার স্থায়ী হবে, এমন নিশ্চয়তা নেই। কিন্তু শুল্ককে রাজনৈতিক ও বাণিজ্যিক অস্ত্র হিসেবে ব্যবহারের প্রবণতা সহজে শেষ হওয়ার সম্ভাবনাও কম।

কারণ এবার ট্রাম্প প্রশাসন ধারা ৩০১-এর মতো একটি নির্দিষ্ট আইনি কাঠামোর আওতায় এগোচ্ছে। এই আইনে তদন্তের ভিত্তিতে শুল্ক আরোপ করা যায়। সাধারণত চার বছর পর পর্যালোচনার বিধান রয়েছে। নির্দিষ্ট শর্তে তা বাড়ানোর সুযোগও আছে।

যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি জামিসন গ্রিয়ার ২০২৬ সালের সিনেট ফাইন্যান্স কমিটিতে দেওয়া বক্তব্যে বিষয়টি আরও স্পষ্ট করেছেন। তিনি বলেছেন, প্রশাসনের ব্যবহৃত আইনি ক্ষমতা পরিবর্তিত হলেও বাণিজ্য কৌশল পরিবর্তিত হয়নি। শুল্ক আরোপ ও বাণিজ্যচুক্তির সমন্বয়ের মাধ্যমে মার্কিন শিল্প পুনর্গঠন, শ্রমিকদের সুরক্ষা এবং বাণিজ্য ঘাটতি কমানোই তাদের লক্ষ্য।

এ বক্তব্য থেকে বোঝা যায়, শুল্ককে ট্রাম্প প্রশাসন সাময়িক কোনো ব্যবস্থা হিসেবে দেখছে না। বরং এটি তাদের দীর্ঘমেয়াদি অর্থনৈতিক কৌশলের অংশ।

তবে বাণিজ্যচুক্তি, রাজনৈতিক সমঝোতা, আদালতের সিদ্ধান্ত এবং যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ অর্থনৈতিক পরিস্থিতি—সবকিছুই শেষ পর্যন্ত শুল্কের ভবিষ্যৎ নির্ধারণ করবে।

বাংলাদেশ যা করতে পারে

বাংলাদেশের জন্য এখন সবচেয়ে জরুরি কাজ হলো আতঙ্কিত না হয়ে দর-কষাকষির টেবিলে শক্ত অবস্থান তৈরি করা। প্রথমত, যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান বাণিজ্য আলোচনা জোরদার করতে হবে। নতুন শুল্ক প্রস্তাবের বিরুদ্ধে তথ্য-উপাত্তসহ যুক্তি তুলে ধরতে হবে।

দ্বিতীয়ত, তৈরি পোশাকের পাশাপাশি অন্যান্য রপ্তানি খাতেও বাজার সম্প্রসারণ করতে হবে। ইউরোপ, জাপান, অস্ট্রেলিয়া ও নতুন বাজারে প্রবেশের চেষ্টা বাড়াতে হবে। তৃতীয়ত, উৎপাদন খরচ কমানো এবং পণ্যের বৈচিত্র্য বাড়াতে হবে। শুধু কম দামে পোশাক তৈরি করে বিশ্ববাজারে টিকে থাকা কঠিন হবে।

চতুর্থত, শ্রম অধিকার, কর্মপরিবেশ ও পরিবেশগত মান উন্নত করতে হবে। কারণ আন্তর্জাতিক বাজারে এসব বিষয় এখন আর বাড়তি সুবিধা নয়, বরং ব্যবসা টিকিয়ে রাখার শর্ত। সবশেষে, ছোট ও মাঝারি রপ্তানিকারকদের জন্য নীতিগত সহায়তা জরুরি।

ট্রাম্পের শুল্কনীতি আসলে এক ধরনের দ্বিমুখী খেলা। একদিকে যুক্তরাষ্ট্রের নিজস্ব শিল্পকে সুরক্ষা দেওয়ার চেষ্টা। অন্যদিকে, শুল্কের ভয় দেখিয়ে অন্য দেশগুলোর কাছ থেকে বাণিজ্যিক সুবিধা আদায়। বাংলাদেশের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো, এই খেলায় শুধু প্রতিক্রিয়া দেখিয়ে টিকে থাকা যাবে না। নিজের অবস্থান শক্ত করতে হবে।

আজ শুল্ক ১৮ শতাংশের প্রস্তাব। আলোচনা সন্তোষজনক না হলে ২০ শতাংশের বিকল্পও সামনে রয়েছে। আবার দর-কষাকষির মাধ্যমে তা কমেও যেতে পারে। তাই শুধু ট্রাম্পের পরবর্তী ঘোষণার অপেক্ষায় থাকলে চলবে না। বাংলাদেশকে বুঝতে হবে, বিশ্ববাণিজ্যের নিয়ম বদলাচ্ছে। আর সেই পরিবর্তনের খেলায় যে দেশ নিজের উৎপাদন, বাজার ও কূটনৈতিক সক্ষমতা বাড়াতে পারবে, শেষ পর্যন্ত তারাই এগিয়ে থাকবে। শুল্কের খেলায় ট্রাম্প হয়তো চাল দিচ্ছেন। কিন্তু বাংলাদেশকে এখন নিজের চালটিও বুঝেশুনে দিতে হবে।









ট্রাম্পযুক্তরাষ্ট্রশুল্কবাংলাদেশচীনভারতজাপানবাণিজ্যনীতিবাণিজ্য
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    গোপালগঞ্জে তান্ডবের ছক, আটক এসআরবি কমান্ডার

    গোপালগঞ্জে তান্ডবের ছক, আটক এসআরবি কমান্ডার

    ফার্মগেট নবীন ফ্যাশনে ২৫২ টাকায় পাঞ্জাবি, উপচেপড়া ভিড়

    ফার্মগেট নবীন ফ্যাশনে ২৫২ টাকায় পাঞ্জাবি, উপচেপড়া ভিড়

    আইনশৃঙ্খলা বাহিনীর মতো ভেস্ট পরে অভিযান, চাপে পড়ে সংগঠন বন্ধ ঘোষণা

    আইনশৃঙ্খলা বাহিনীর মতো ভেস্ট পরে অভিযান, চাপে পড়ে সংগঠন বন্ধ ঘোষণা

    ‘কিশোরী’ নিয়ে শিক্ষকের আপত্তিকর পোস্ট, সমালোচনার মুখে চাইলেন ক্ষমা

    ‘কিশোরী’ নিয়ে শিক্ষকের আপত্তিকর পোস্ট, সমালোচনার মুখে চাইলেন ক্ষমা

    রাজধানীর তিন এলাকায় পরিবহনে আগুন

    রাজধানীর তিন এলাকায় পরিবহনে আগুন

    গ্রামীণ ব্যাংকের ৯০ শতাংশ মালিকানা গ্রাহকের, ইউনূসের নেই শেয়ার

    গ্রামীণ ব্যাংকের ৯০ শতাংশ মালিকানা গ্রাহকের, ইউনূসের নেই শেয়ার

    ‘তুমি যেখানেই আছ, বাসায় আসো’— যুবলীগ নেত্রীকে ওসি

    ‘তুমি যেখানেই আছ, বাসায় আসো’— যুবলীগ নেত্রীকে ওসি

    ‘বড় লেভেলে খেলার’ ঘোষণা, ভোরে গ্রেপ্তার বিএনপির সেই নেতা

    ‘বড় লেভেলে খেলার’ ঘোষণা, ভোরে গ্রেপ্তার বিএনপির সেই নেতা

    যুবলীগ নেত্রীকে বাংলোয় ডাকা সেই ওসি প্রত্যাহার

    যুবলীগ নেত্রীকে বাংলোয় ডাকা সেই ওসি প্রত্যাহার

    শেকৃবিতে দিনব্যাপী চাকরি মেলা, অংশ নেবে ২৫টির বেশি কোম্পানি

    শেকৃবিতে দিনব্যাপী চাকরি মেলা, অংশ নেবে ২৫টির বেশি কোম্পানি

    মিশরে জ্বালানিবাহী ট্যাংকারে আগুন, নিহত ৩০

    মিশরে জ্বালানিবাহী ট্যাংকারে আগুন, নিহত ৩০

    ‘বোমা তৈরি করতে গিয়ে’ বিস্ফোরণে আওয়ামী লীগ কর্মী নিহত

    ‘বোমা তৈরি করতে গিয়ে’ বিস্ফোরণে আওয়ামী লীগ কর্মী নিহত

    চট্টগ্রামে পুলিশ বক্স-ভূমি অফিসে আগুন

    চট্টগ্রামে পুলিশ বক্স-ভূমি অফিসে আগুন

    ‘বড় লেভেলে খেলার ইচ্ছা’ জানিয়ে বিএনপি নেতার পদত্যাগ

    ‘বড় লেভেলে খেলার ইচ্ছা’ জানিয়ে বিএনপি নেতার পদত্যাগ

    আবুল হাসানের পর আরও দুই পুলিশ কর্মকর্তা আটকের তথ্য

    আবুল হাসানের পর আরও দুই পুলিশ কর্মকর্তা আটকের তথ্য