ফের ট্রাম্পের শুল্কের নিশানায় বাংলাদেশসহ ১৬ দেশ

ছবি: রয়টার্স
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্কনীতিতে আবারও নতুন করে চাপে পড়তে যাচ্ছে বাংলাদেশসহ ১৬ দেশ। আদালতের বাধার পরও শুল্ক আরোপের বিকল্প পথ খুঁজছে তার প্রশাসন। এবার অতিরিক্ত শিল্প উৎপাদন সক্ষমতা নিয়ে তদন্তের ভিত্তিতে ১৬ দেশের পণ্যে নতুন শুল্ক আরোপের প্রস্তুতি নিচ্ছে ওয়াশিংটন।
নতুন এই উদ্যোগ বাস্তবায়িত হলে দেশগুলোর রপ্তানি খাতে বাড়তে পারে চাপ। বিশেষ করে যুক্তরাষ্ট্রের বাজারনির্ভর তৈরি পোশাকশিল্পে তৈরি হতে পারে নতুন অনিশ্চয়তা। তবে নতুন শুল্কের হার, কোন কোন পণ্য এর আওতায় পড়বে এবং কবে থেকে তা কার্যকর হবে— এসব বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত জানা যায়নি।
অতিরিক্ত শিল্প উৎপাদন নিয়ে তদন্ত
মঙ্গলবার প্রকাশিত এক প্রতিবেদনে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, নতুন শুল্ক আরোপের ঘোষণা শিগগিরই দিতে পারে ট্রাম্প প্রশাসন। বিষয়টি সম্পর্কে অবগত তিন ব্যক্তি জানিয়েছেন, অতিরিক্ত শিল্প উৎপাদন সক্ষমতা নিয়ে তদন্তের ফলাফলের ভিত্তিতে এ সিদ্ধান্ত আসতে পারে।
তদন্তের আওতায় রয়েছে চীন, ভারত, জাপান, দক্ষিণ কোরিয়া, মেক্সিকো, ভিয়েতনাম, তাইওয়ান, থাইল্যান্ড, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, সুইজারল্যান্ড, নরওয়ে, সিঙ্গাপুর, বাংলাদেশ, কম্বোডিয়া ও ইউরোপীয় ইউনিয়ন। যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধির দপ্তর (ইউএসটিআর) গত মার্চে ১৯৭৪ সালের বাণিজ্য আইনের ৩০১ ধারায় এ তদন্ত শুরু করে। একই সঙ্গে ৫৯টি দেশ ও ইউরোপীয় ইউনিয়নে বাধ্যতামূলক শ্রমবিরোধী আইন প্রয়োগে দুর্বলতা বা শিথিলতা নিয়ে পৃথক তদন্তও শুরু হয়।
দুটি তদন্তের লক্ষ্যই ফেব্রুয়ারিতে সুপ্রিম কোর্টের বাতিল করা ট্রাম্পের ব্যাপক শুল্কনীতির বিকল্প ব্যবস্থা গড়ে তোলা। তবে নতুন শুল্কের হার দেশভেদে আলাদা হতে পারে বলে রয়টার্সকে জানিয়েছেন বিষয়টি সম্পর্কে অবগত এক ব্যক্তি। যুক্তরাষ্ট্রের সঙ্গে চূড়ান্ত হওয়া বাণিজ্যচুক্তিতে নির্ধারিত সর্বোচ্চ শুল্কসীমাও বহাল রাখার কথা রয়েছে।
চীন, ইউরোপীয় ইউনিয়ন, জাপান, দক্ষিণ কোরিয়া ও মালয়েশিয়ার ক্ষেত্রে শুল্কের সম্ভাব্য সীমা নিয়েও তথ্য দিয়েছে রয়টার্স। চীনের সঙ্গে বর্তমান বাণিজ্য-সমঝোতা বহাল থাকলে দেশটির পণ্যে ট্রাম্পের দ্বিতীয় মেয়াদের শুল্ক ২০ শতাংশের মধ্যে রাখার কথা। ইউরোপীয় ইউনিয়ন, জাপান ও দক্ষিণ কোরিয়ার পণ্যে শুল্কের সর্বোচ্চ সীমা ১৫ শতাংশ এবং মালয়েশিয়ার ক্ষেত্রে ১৯ শতাংশ। তবে মেক্সিকো ও নরওয়ের পণ্যে তাৎক্ষণিকভাবে নতুন শুল্ক আরোপের সম্ভাবনা কম বলে জানিয়েছেন ওই সূত্র।
এদিকে, চীন অতিরিক্ত শিল্প উৎপাদন সক্ষমতার অভিযোগ প্রত্যাখ্যান করেছে। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গুও জিয়াকুন বুধবার বলেন, ‘অতিরিক্ত উৎপাদন সক্ষমতা’ একটি মিথ্যা ইস্যু। রাজনৈতিক উদ্দেশ্যে এটিকে অজুহাত হিসেবে ব্যবহারের বিরোধিতা করে বেইজিং।
আদালতের রায়ের পর বিকল্প পথে ট্রাম্প
গত ফেব্রুয়ারিতে মার্কিন সুপ্রিম কোর্ট ট্রাম্প প্রশাসনের ব্যাপক শুল্ক আরোপের সিদ্ধান্ত বাতিল করেন। এরপর বিকল্প আইনি পথে শুল্কনীতি এগিয়ে নেওয়ার উদ্যোগ নেয় হোয়াইট হাউজ। এবার ১৯৭৪ সালের বাণিজ্য আইনের ৩০১ ধারায় তদন্তের মাধ্যমে সেই উদ্যোগ বাস্তবায়নের চেষ্টা চলছে।
এই ধারায় বিদেশি দেশের অন্যায্য বাণিজ্যচর্চার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যবস্থা নেওয়ার সুযোগ রয়েছে। ওয়াশিংটনের অভিযোগ, কয়েকটি দেশের অতিরিক্ত শিল্প উৎপাদন সক্ষমতা বিশ্ববাজারে পণ্যের অতিরিক্ত সরবরাহ তৈরি করছে। এতে মার্কিন শিল্পপ্রতিষ্ঠানগুলো প্রতিযোগিতায় ক্ষতিগ্রস্ত হচ্ছে।
বিশেষ করে ইস্পাত, অ্যালুমিনিয়াম, বৈদ্যুতিক গাড়ি, গৃহস্থালি সরঞ্জাম ও সৌরবিদ্যুৎ সরঞ্জাম উৎপাদনে চীনের বিরুদ্ধে অভিযোগ তুলেছে মার্কিন প্রশাসন। এ ছাড়া দক্ষিণ-পূর্ব এশিয়ার কয়েকটি দেশে চীনা বিনিয়োগের মাধ্যমে পণ্য উৎপাদন করে যুক্তরাষ্ট্রের বাজারে পাঠানোর বিষয়টিও তদন্তের আওতায় রয়েছে। ওয়াশিংটনের ধারণা, এর মাধ্যমে আগের শুল্ক এড়িয়ে যাওয়ার চেষ্টা হচ্ছে।
তবে নতুন শুল্কের ঘোষণা এলেই সব দেশের ওপর একই হারে তা কার্যকর হবে, এমন নয়। বাণিজ্যচুক্তিতে নির্ধারিত শুল্কসীমা বহাল রাখার পাশাপাশি দেশভেদে আলাদা হার নির্ধারণের পরিকল্পনা রয়েছে। ফলে বাংলাদেশের ক্ষেত্রে কী সিদ্ধান্ত আসছে, তা নির্ভর করবে তদন্তের ফলাফল ও চূড়ান্ত ঘোষণার ওপর।
বাংলাদেশের জন্য নতুন উদ্বেগ
যুক্তরাষ্ট্র বাংলাদেশের তৈরি পোশাকের অন্যতম প্রধান রপ্তানি বাজার। নতুন শুল্ক আরোপ হলে মার্কিন আমদানিকারকদের পণ্য কেনার ব্যয় বাড়তে পারে। এর প্রভাব পড়তে পারে বাংলাদেশি পোশাকের ক্রয়াদেশ, মূল্য নির্ধারণ ও আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতার সক্ষমতার ওপর।
তবে বাংলাদেশের পণ্যে ঠিক কত শতাংশ শুল্ক আরোপ করা হতে পারে, তা এখনো নিশ্চিত নয়। যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের বিদ্যমান বাণিজ্যচুক্তি বা কোনো বিশেষ সুবিধা নতুন শুল্কের ক্ষেত্রে কীভাবে বিবেচিত হবে, সে বিষয়েও চূড়ান্ত ঘোষণা আসেনি।
নতুন শুল্কের সম্ভাবনা এমন এক সময়ে সামনে এলো, যখন যুক্তরাষ্ট্রের বাণিজ্যনীতির প্রভাব নিয়ে দেশটির ভেতরেও বিতর্ক চলছে। আমদানি শুল্কের কারণে ভোগ্যপণ্যের দাম বেড়ে যাওয়াকে ভোটারদের অসন্তোষের অন্যতম কারণ হিসেবে দেখছেন বিশ্লেষকরা। তবে কংগ্রেসে ডেমোক্র্যাটদের সংখ্যাগরিষ্ঠতা থাকলেও প্রেসিডেন্টের ভেটো ক্ষমতার কারণে শুল্কনীতি পরিবর্তনের সুযোগ সীমিত হতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।



