ক্যাডেট কলেজগুলোয় শতভাগ পাস

সংগৃহীত ছবি
২০২৬ সালের এসএসসি পরীক্ষায় দেশের ১২টি ক্যাডেট কলেজের পাসের হার শতভাগ। এসব কলেজের ৬১৮ জন পরীক্ষার্থীর মধ্যে ৬০৭ জনই পেয়েছে জিপিএ ৫। জিপিএ ৫ প্রাপ্তির হার দাঁড়িয়েছে ৯৮ দশমিক ২২ শতাংশে। ক্যাডেট কলেজ পরিচালনা পরিষদের সহকারী পরিচালক রাশেদুল আলম খান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে এসব তথ্য।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ক্যাডেট কলেজগুলোর ধারাবাহিক সাফল্যের পেছনে রয়েছে সুশৃঙ্খল পরিবেশ, অভিজ্ঞ অনুষদ সদস্যদের সার্বক্ষণিক পরিচর্যা ও তদারকি, ক্যাডেটদের অধ্যবসায়, নিয়মিত পড়াশোনা এবং আন্তরিক প্রচেষ্টা। পাশাপাশি ক্যাডেট কলেজ পরিচালনা পরিষদের সুষ্ঠু দিকনির্দেশনা, অধ্যক্ষ, উপাধ্যক্ষ, শিক্ষক-শিক্ষিকা, কর্মকর্তা-কর্মচারী এবং অভিভাবকদের সম্মিলিত সহযোগিতাও এই সাফল্যে রেখেছে গুরুত্বপূর্ণ ভূমিকা।
ক্যাডেট কলেজগুলো প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে বাংলাদেশ সেনাবাহিনীর অ্যাডজুটেন্ট জেনারেল ও ক্যাডেট কলেজ পরিচালনা পরিষদের সভাপতির প্রত্যক্ষ তত্ত্বাবধানে পরিচালিত আবাসিক শিক্ষাপ্রতিষ্ঠান। ভালো ফলাফলের পাশাপাশি চৌকস ও সুনাগরিক হিসেবে ক্যাডেটদের গড়ে তোলাই এসব প্রতিষ্ঠানের অন্যতম লক্ষ্য।




