এবং

কেডস কিনতে রাজধানীর একটি শপিং মলে ঢুকেছিলাম। দোকানটি বেশ নামকরা, ব্র্যান্ডেরও বেশ নামডাক। ভাবলাম, ভালো মানের একটি কেডস কিনব। কিন্তু বিপত্তি বাধল দাম আর মানের সমন্বয় করতে গিয়ে। একটির দাম শুনে মনে হলো, কেডস নয়, বুঝি জুতা পরে বাড়ি ফেরার সঙ্গে ব্যাংকঋণও নিতে হবে! আরেকটির মান দেখে মনে হলো, এত টাকা দিয়ে কিনলে কেডসের চেয়ে বিক্রেতারই লাভ বেশি হবে।
বিক্রয়কর্মী অবশ্য যথেষ্ট আন্তরিক। একের পর এক কেডস বের করছেন, পায়ে পরিয়ে দেখাচ্ছেন। আমিও বেশ কয়েকবার হাঁটাহাঁটি করে দেখলাম। কিন্তু মন আর মানিব্যাগ— কোনোটিই একমত হলো না। শেষ পর্যন্ত কিছু না কিনেই বেরিয়ে আসার সিদ্ধান্ত নিলাম।
বের হওয়ার সময় বিক্রয়কর্মীকে ধন্যবাদ দেব ভাবছি, তার আগেই তিনি বলে উঠলেন, ‘স্যার, আপনাকে ধন্যবাদ।’
কিছুটা অবাক হলাম। বললাম, ‘আমাকে ধন্যবাদ দিচ্ছেন কেন? আমি তো কিছুই কিনলাম না!’
হেসে বললেন, ‘স্যার, আপনি আমাদের সম্মানিত ক্রেতা। আজ না হয় কাল কিনবেন। আপনার ধন্যবাদ প্রাপ্য।’
কথাটি শুনে মনটা ভালো হয়ে গেল। মনে হলো, লোকটি শুধু কেডস বিক্রি করেন না, সঙ্গে শিষ্টাচারও বিলি করেন। অথচ অনেক দোকানে কিছু না কিনে বের হতে গেলেই বিক্রয়কর্মীর মুখের চেহারা বদলে যায়। মনে হয়, ক্রেতা যেন দোকানে ঢুকে তাদের ব্যক্তিগত সময় নষ্ট করে ফেলেছেন! কারও কারও চোখেমুখে এমন অভিব্যক্তি ফুটে ওঠে, যেন কিছু না কিনে বের হওয়াটা একধরনের জাতীয় অপরাধ!
অথচ ক্রেতা দোকানে ঢুকলেই তাকে পণ্য কিনতে হবে, এমন কোনো আইন নেই। পছন্দ না হলে না-ও কিনতে পারেন। কেনার স্বাধীনতা যেমন আছে, না কেনার স্বাধীনতাও আছে। বিক্রেতার কাজ পণ্য দেখানো, ক্রেতাকে জোর করে পছন্দ করানো নয়।
আমাদের সমাজে ধন্যবাদ শব্দটির ব্যবহারও যেন দিন দিন কমে যাচ্ছে। রিকশাচালককে ভাড়া দেওয়ার পর, দোকানদারের কাছ থেকে পণ্য নেওয়ার পর, কারও কাছ থেকে সামান্য সহযোগিতা পাওয়ার পর— কত সহজেই না একটি ধন্যবাদ বলা যায়! অথচ আমরা অনেক সময় সেটুকুও বলি না।
মজার ব্যাপার হলো, ধন্যবাদ দিতে টাকা লাগে না, ভ্যাট লাগে না, আয়করও দিতে হয় না। অথচ এর বিনিময়ে পাওয়া যায় মানুষের ভালোবাসা, আন্তরিকতা আর সম্মান।
আমরা ব্যক্তিজীবনে ধন্যবাদ দেওয়ার অভ্যাসটা একটু বাড়াই। মনে রাখি, সব ক্রেতা ক্রেতা হয়ে ফিরে যান না, কিন্তু ভালো ব্যবহার পেলে তারা আবার ফিরে আসেন। আর ধন্যবাদ এমন এক পণ্য, যা যত বেশি বিলি করা যায়, ততই তার মূল্য বাড়ে!



