যদি

মাছের বাজারে গেলে আজকাল একটি বিষয় খুব সহজেই চোখে পড়ে। প্রায় প্রতিটি দোকানে ঝুলছে নানা রঙের অতিরিক্ত উজ্জ্বল লাইট। বিশেষ করে মাছের দোকানে লাল, নীল, সাদা কিংবা গোলাপি আলোর ব্যবহার যেন এখন রীতিমতো ফ্যাশনে পরিণত হয়েছে। ইলিশসহ বেশিরভাগ মাছই স্বাভাবিকভাবে সাদা বা রুপালি রঙের। সেই মাছের ওপর আবার এত রঙের আলোর বন্যা বইয়ে দেওয়ার কী প্রয়োজন আছে, তা আমার মাথায় আসে না।
একই অবস্থা সবজির বাজারেও। টমেটো লাল, কাঁচা মরিচ সবুজ, বেগুন বেগুনি, গাজর কমলা। প্রকৃতি যখন প্রতিটি সবজিকে আলাদা রঙে সাজিয়ে দিয়েছে, তখন দোকানিদের নতুন করে রঙের কারিগর হওয়ার প্রয়োজনটা কী? ক্রেতারা কি এসব সবজির রঙ চেনেন না? নাকি রঙিন আলো ছাড়া এখন আর টমেটোকে টমেটো বলে চিনতে কষ্ট হয়?
লেবুর কথাই ধরা যাক। লেবু কি কেউ শুধু রঙ দেখে কেনেন? লেবুর সতেজতা, আকার, খোসার অবস্থা এবং হাতে নিয়ে তার ওজন বুঝেই তো একজন ক্রেতা ধারণা পান ভেতরে কতটা রস থাকতে পারে। অথচ সেখানেও অতিরিক্ত আলোর ঝলকানি! মনে হয় লেবু বিক্রি হচ্ছে না, কোনো মডেলকে আলোকসজ্জার মাধ্যমে উপস্থাপন করা হচ্ছে। কাঁচা মরিচের ওপর এমন লাইট ব্যবহার হয়, যেন সবুজ থেকে তা কালো রঙের রূপ ধারণ করেছে। অথচ, কাঁচা মরিচ ক্রেতা ঝাঁজ দেখেই কেনেন।
এরপর শুরু হয়েছে জাম্বুরা ও আমড়ার দোকানেও রঙিন লাইটের ব্যবহার। বাহ! ফলের বাজারেও বুঝি এখন সাজগোজের প্রতিযোগিতা চলছে! জাম্বুরা, আমড়া— এদেরও কি এখন আলাদা করে সৌন্দর্য চর্চার প্রয়োজন পড়ছে? ক্রেতারা কি এসব ফলের আসল রঙ জানেন না? নাকি আগামীতে ফলের দোকানে ঢুকলে আগে আলোতে ফলের রূপ দেখানো হবে, তারপর দাম বলা হবে?
প্রশ্ন হলো, এই অতিরিক্ত আলোর উদ্দেশ্য কী? পণ্যকে আকর্ষণীয় করে তোলা, নাকি ক্রেতার চোখে পণ্যের প্রকৃত অবস্থা আড়াল করা? কারণ রঙিন আলোর নিচে অনেক সময় পণ্যের আসল রঙ ও সতেজতা বোঝাই কঠিন হয়ে পড়ে। আমরা বাজারে যাই ভালো পণ্য কিনতে, আলোর কারসাজিতে তৈরি সৌন্দর্য দেখতে নয়।
ব্যবসায়ীরা তাদের দোকান সুন্দর করে সাজাবেন, এতে আপত্তির কিছু নেই। তবে সৌন্দর্য আর অপ্রয়োজনীয় আলোকসজ্জার মধ্যে একটু পার্থক্য থাকা দরকার।
এভাবে চলতে থাকলে হয়তো একদিন ভাঙাড়ির দোকানেও বাহারি রঙের লাইট ঝুলবে। পুরনো বোতল, প্লাস্টিক আর লোহার টুকরোগুলোও তখন ঝলমল করবে নতুন রূপে!
আর কবে যে এসব মাছ, সবজি ও ফল পার্লার থেকে সাজিয়ে-গুছিয়ে বাজারে আনা হবে, সেটাই এখন দেখার অপেক্ষা! হয়তো সেদিন বাজার করতে গেলে পণ্যের দাম দেওয়ার পাশাপাশি তাদের সাজসজ্জার বিলও দিতে হবে!
সবশেষে প্রশ্ন একটাই— আমরা কি বাজারে পণ্য কিনতে যাই, নাকি রঙিন আলোর ফ্যাশন শো দেখতে যাই?



