হেনরী স্বপনের কবিতা

গ্রাফিকস: আগামীর সময়
মানতের মাশরুম
গমের রুটি বানিয়ে
সারারাত ইঁদুরের তুলে রাখা
ভোরের গর্তে
সারি সারি ধানের ছড়া;
টি-পটের নেংটো সুইমিংপুলে
সাঁতার দিতে দিতে
দাঙ্গায় ঝাঁপিয়ে পড়ে,
হরিণের খামারে
পোষা কুমিরের
রেসকিউ টিম,
মাজারের পুকুরে—
মানতের মাশরুম
ছুড়ছে সবাই,
একদল পাশবিক
মানুষের হৃদয়
অপুষ্টিতে, করে ঘিনঘিন।
গায়ে হলুদের রিচুয়াল
ঘাসের প্রতিধ্বনি
জিরাফের গলা তুলে
কাঙালিনী সুফিয়া গাইছেন
লালনের গান;
গায়ে হলুদের রিচুয়াল
পাহাড়ের চূড়োয়—
অরণ্যের রিসোর্টে
রাত যত বাড়ে তত
গভীর আলিঙ্গনের তীরে
জ্বলন্ত চুল্লির জলোচ্ছ্বাস
ভাসিয়ে চলে
অর্গাজমের বিরতি;
বাপ্তাইজিত বিছানায়
ওড়ে আশ্চর্য কবুতর।
যোগেন চৌধুরী
পিছু তাড়ায় বাঘের থাবা,
হরিণ পালায় ছুটে
রিফিউজির ঠিকানায়,
যোগেন দাঁড়ান উঠে।
সোনার তরী
গ্রামোফোনে ঘুরছে
মস্তিষ্কের ঘিলুভুনা
বয়সী খাসির হলে ভালো জমে;
পোটোমেক নদীর তীরে
সিলভিয়া প্লাথ
আছেন কি না, জানি না—
সাগরদাঁড়ির মধুসূদন
চতুর্দশ ছন্দের ক্লিনিকে
আইসিইউ স্যালাইনের
ফোঁটা ফোঁটা মদ্যপান করে
বেঁচে আছেন—
টেমসেও কোনোদিন
পদ্মা সেতুর অভিসারে
উত্তম-সুচিত্রা জুটির ‘দেবদাস’
শুটিংয়ের পরিকল্পনা হবে—
কপিলার মাঝি; তারে
লয়ে গেছে কুবের,
কোন গুপ্তচরের কিনারে
বাঁধা; সোনার তরী।
গীতবিতান
কাঁটাতারের বিভেদ দিয়ে
গীতবিতানের ঢেউ
সূর্য ওঠা আকাশটা কি,
মুছতে পারে কেউ?
মুক্তিযোদ্ধা
অচ্ছুৎ আজ মুক্তিযুদ্ধো;
বাউল সমাজচ্যুত
ফতোয়া দেন বুজুর্গেরা,
হায়না খোঁজেন ছুতো।
বাজে দুরন্ত মোজার্ট
আবির মেলাবে গায়ে
স্লিভলেস ব্লাউজ
ফণা তোলে শঙ্খলাগা
শরীরের সমুদ্র গভীরে
দোদুল্যমান বুকের খনিতে
বাজে দুরন্ত মোজার্ট—
পানশালার দূর কোনো
গাঁয়ের সিম্ফনিতে—
স্মৃতির অপেরায়
সুর তোলা—
সারারাত মিউজিকে
রেনেসাঁর ক্ষত;
দগদগে পালকের নিচে
বগলে-গ্রীবায়-স্তনে
আঁচড়ের ফুটে ওঠা
পেইন্টিংয়ের ধ্রুপদি ক্যানভাস।
রাধাচূড়া ফিল
ক্যানভাসে আঁকা ধূসর তুলির
রক্তপাতে ভিজে জুঁই—
ধীরে ধীরে ফোটে
শরীর বোঁটায় বেগুনির
রাধাচূড়া ফিল;
কলেজের ক্যান্টিনে ভেসে
অসে বন্ধবী গানের
রিয়ার্সাল—
কফিমউল মঞ্জরিত
স্কুল পেরুনো প্রেমের
মন্থর মেঘে মেঘে
চমকায় ক্যাম্পাসের
নিতান্ত গোধূলি— শালবন।



